তিন দিনের সফরে প্রধানমন্ত্রী তুরস্ক যাচ্ছেন মঙ্গলবার

আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ০৮:২৬ এএম

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য অর্থায়ন এবং বৈশ্বিক জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠার প্রত্যাশা নিয়ে আজ সোমবার (৯ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় শুরু হচ্ছে জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন (কপ৩১)। সম্মেলনে যোগ দিতে আগামীকাল মঙ্গলবার তিন দিনের সফরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে উচ্চপর্যায়ের অধিবেশনে অংশ নেওয়ার পাশাপাশি দুটি পৃথক পর্বে বক্তব্য দেবেন তিনি। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকসহ বিশ্বনেতাদের সঙ্গে একাধিক বৈঠক করারও কথা রয়েছে তাঁর।

সরকারের সংশ্লিষ্ট সূত্র ও প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এসব তথ্য জানা গেছে। এবারের সম্মেলনে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর সুরক্ষা, বাংলাদেশের জাতীয় অগ্রাধিকার এবং আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরবে ঢাকা।

পরিবেশবিদ ও বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা, মানবতার ভবিষ্যৎ সুরক্ষা এবং জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠার ক্ষেত্রে এবারের সম্মেলন গুরুত্বপূর্ণ। বিশেষ করে ঘূর্ণিঝড়, বন্যা, লবণাক্ততা, খরা ও তাপপ্রবাহের ঝুঁকিতে থাকা বাংলাদেশের মতো দেশগুলোর জন্য আন্তর্জাতিক পর্যায়ে অর্থায়ন ও প্রযুক্তিগত সহায়তা নিশ্চিত করা জরুরি।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু জানিয়েছেন, এবারের সম্মেলনে ঝুঁকিপূর্ণ মানুষের সুরক্ষা, জলবায়ু ন্যায়বিচার এবং জাতীয় পরিকল্পনা বাস্তবায়নে অর্থায়ন ও প্রযুক্তিগত সহায়তা পাওয়াকে অগ্রাধিকার দেবে বাংলাদেশ।

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশনের (ইউএনএফসিসিসি) অধীনে আয়োজিত কনফারেন্স অব দ্য পার্টিস বা কপ সম্মেলন বৈশ্বিক জলবায়ু কূটনীতির অন্যতম বড় আয়োজন। ৯ থেকে ২০ নভেম্বর তুরস্কের পর্যটননগরী আনতালিয়ায় এবারের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানসহ প্রতিনিধিরা অংশ নেবেন।

সম্মেলনের আলোচ্যসূচিতে রয়েছে ২০৩৫ সালের মধ্যে বৈশ্বিক বিদ্যুতায়ন ৩৫ শতাংশে উন্নীত করা, মিথেন গ্যাসের নিঃসরণ কমানো এবং ভবন নির্মাণ খাতে শক্তির ব্যবহার ২৫ শতাংশ হ্রাসের মতো লক্ষ্য। পাশাপাশি প্যারিস চুক্তির আওতায় উন্নয়নশীল দেশগুলোর জন্য ক্ষতিপূরণ ও জলবায়ু অর্থায়ন বাড়ানোর বিষয়েও আলোচনা হবে।

ইউএনএফসিসিসির মিডিয়া উইং জানিয়েছে, জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক নির্বাহী সচিব সাইমন স্টিয়েল আজ সোমবার উদ্বোধনী পূর্ণাঙ্গ অধিবেশনে ভাষণ দেবেন। আনতালিয়ার স্থানীয় সময় বেলা ১১টার দিকে তাঁর বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এবারের কপ৩১-এর মনোনীত সভাপতি মুরাত কুরুম। উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করবেন ক্রিস বোয়েন।

তুরস্ক সরকারের আমন্ত্রণে মঙ্গলবার সকালে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান। টার্কিশ এয়ারলাইনসের নিয়মিত ফ্লাইটে তাঁর সঙ্গে সফরসঙ্গীরাও যাবেন। বিকেলে ইস্তাম্বুল বিমানবন্দরে পৌঁছে কিছু সময় যাত্রাবিরতির পর অভ্যন্তরীণ ফ্লাইটে আনতালিয়ার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তাঁর।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইমুম পারভেজ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. সোহাগ আওয়াল, প্রেস সচিব সালেহ শিবলী, উপপ্রেস সচিব হাসান শিপলুসহ একটি ছোট প্রতিনিধিদল। সফর শেষে ১২ নভেম্বর বিকেলে প্রধানমন্ত্রীর দেশে ফেরার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সম্মেলনের দুই দিনে পৃথক দুটি অধিবেশনে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ছাড়াও সাইডলাইনে একাধিক বিশ্বনেতার সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক হতে পারে।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু বলেন, তুরস্ক সরকারের আমন্ত্রণে কপ৩১-এর উচ্চপর্যায়ের অধিবেশনে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটিতে যাবেন। এ বিষয়ে প্রস্তুতি চলছে। তবে এখনই সবকিছু চূড়ান্তভাবে বলা সম্ভব নয়।

এর আগে গত ২২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে অংশ নেওয়ার সময় তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে প্রথমবারের মতো দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতিসংঘ সদর দপ্তরের কাছে তুর্কি হাউসে অনুষ্ঠিত ওই বৈঠকে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার এবং পারস্পরিক স্বার্থে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরির বিষয়ে আলোচনা হয়। আনতালিয়া সফরে দুই নেতার এটি দ্বিতীয় বৈঠক হতে যাচ্ছে।

২০১৫ সালে প্যারিস জলবায়ু চুক্তি স্বাক্ষরের পর থেকে চুক্তির লক্ষ্য বাস্তবায়নে কপ সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বৈশ্বিক উষ্ণতা শিল্পায়ন-পূর্ব সময়ের তুলনায় ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখার প্রতিশ্রুতি থাকলেও এ লক্ষ্য অর্জনে অগ্রগতি নিয়ে উদ্বেগ রয়েছে। আগের সম্মেলনগুলোতে জলবায়ু অর্থায়ন, কার্বন নিঃসরণ কমানো এবং পরিবেশবান্ধব প্রযুক্তি হস্তান্তরের বিষয়ে নানা প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবায়নের গতি প্রত্যাশিত নয়। ফলে এবারের সম্মেলনে কার্যকর সিদ্ধান্ত ও প্রতিশ্রুতির বাস্তবায়ন নিশ্চিত করার দাবি জোরালো হচ্ছে।

জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের উপকূলীয় ও নিচু অঞ্চলসহ বিভিন্ন এলাকা ক্রমবর্ধমান ঝুঁকিতে রয়েছে। এ কারণে কপ৩১-এ বাংলাদেশের অন্যতম প্রত্যাশা হলো লস অ্যান্ড ড্যামেজ ফান্ড কার্যকর করা, জলবায়ুজনিত ক্ষয়ক্ষতির জন্য সহজে অর্থ পাওয়ার ব্যবস্থা এবং অভিযোজন তহবিল বাড়ানো। উন্নয়নশীল দেশগুলোর জন্য ঋণের পরিবর্তে অনুদানভিত্তিক অর্থায়ন ও পরিবেশবান্ধব প্রযুক্তি সহজলভ্য করার দাবিও তুলে ধরবে বাংলাদেশ।

পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেন, জাতীয় অভিযোজন পরিকল্পনা বাস্তবায়নে ঋণের বোঝা না বাড়িয়ে অনুদান বাড়ানো জরুরি। উপকূল, হাওর, চর ও খরাপ্রবণ অঞ্চলের নিরাপত্তা, আগাম সতর্কীকরণ ব্যবস্থা এবং স্থানীয় পর্যায়ে অভিযোজন কার্যক্রমে বৈশ্বিক সহায়তা প্রয়োজন। লস অ্যান্ড ড্যামেজ ফান্ড থেকে অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি বাস্তুচ্যুতি ও জীবিকা হারানোর মতো অ-অর্থনৈতিক ক্ষতি মোকাবিলায়ও সহজলভ্য অনুদান চাওয়া হবে।

তিনি আরও বলেন, বৈশ্বিক উষ্ণতা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখতে প্রধান কার্বন নিঃসরণকারী দেশগুলোকে কার্যকর উদ্যোগ নিতে হবে। কৃষি, শিল্প ও জ্বালানি খাতের পরিবেশবান্ধব রূপান্তরের ব্যয় নিশ্চিত করার পাশাপাশি শ্রমিকদের অধিকার এবং নারী ও তরুণদের কর্মসংস্থান সুরক্ষার বিষয়েও গুরুত্ব দেবে বাংলাদেশ।

সম্প্রতি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ সাংবাদিকদের বলেন, বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট দপ্তরের মতামতের ভিত্তিতে বাংলাদেশের অবস্থানপত্র তৈরি করা হয়েছে। সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদল স্বল্পোন্নত দেশগুলোর জোট (এলডিসি), জি৭৭ এবং সমমনা দেশগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করবে।

তিনি জানান, সম্মেলনস্থলে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ১০০ বর্গমিটারের একটি মূল প্যাভিলিয়ন এবং পৃথক একটি জুট প্যাভিলিয়ন স্থাপন করা হবে। এসব আয়োজনের মাধ্যমে বাংলাদেশের জলবায়ু অভিযোজনের অভিজ্ঞতা ও বিভিন্ন উদ্যোগ আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরা হবে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, কপ৩১-এ বাংলাদেশের প্রধান লক্ষ্য থাকবে উন্নত দেশগুলোর কার্বন নিঃসরণ কমানোর প্রতিশ্রুতির বাস্তবায়ন, জলবায়ু অর্থায়ন নিশ্চিত করা এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য কার্যকর সহায়তা আদায়। তাঁদের মতে, বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তবভিত্তিক সিদ্ধান্ত ও তার বাস্তবায়নই এবারের সম্মেলনের মূল পরীক্ষা।

এমইউ
আরও পড়ুন