বাংলাদেশ-সৌদি হজ চুক্তি স্বাক্ষর, কোটা বেড়ে সাড়ে ৮৩ হাজার

সৌদি আরবের সঙ্গে ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ। চুক্তি অনুযায়ী, আগামী বছর বাংলাদেশ থেকে ৮৩ হাজার ৫০০ জন হজ পালনের সুযোগ পাবেন। সরকারের বিশেষ অনুরোধে সৌদি আরব অতিরিক্ত ৫ হাজার হজযাত্রীর কোটা বরাদ্দ দিয়েছে।

সোমবার (৯ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় সৌদি আরবের জেদ্দায় দুই দেশের মধ্যে এ দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এবং সৌদি আরবের পক্ষে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল-রাবিয়াহ চুক্তিতে স্বাক্ষর করেন। পরে ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চুক্তি স্বাক্ষর শেষে ধর্মমন্ত্রী জানান, বাংলাদেশের বিশেষ অনুরোধের পরিপ্রেক্ষিতে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী অতিরিক্ত ৫ হাজার হজযাত্রীর কোটা অনুমোদন করেন। এতে আগামী বছরের জন্য বাংলাদেশের মোট হজ কোটা দাঁড়িয়েছে ৮৩ হাজার ৫০০ জনে।

দুই দেশের দ্বিপক্ষীয় বৈঠকে হজ ব্যবস্থাপনার অগ্রগতি ও কোটা বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়। এ সময় সৌদি আরবের মীনায় তাঁবুর ধারণক্ষমতার সীমাবদ্ধতার বিষয়টি উঠে আসে। তবে অন্য কোনো দেশ তাদের বরাদ্দ করা কোটা পূরণ করতে না পারলে বা কোটা বাতিল হলে সেই অতিরিক্ত অংশ অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশকে দেওয়ার বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

ধর্মমন্ত্রী বলেন, সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী বাংলাদেশের প্রতি আন্তরিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। হজ কোটা বৃদ্ধি ও সার্বিক সহযোগিতার জন্য তিনি সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ, ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ. বিন আবিয়াহসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা জানান।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার হজ ব্যবস্থাপনাকে সহজ, স্বচ্ছ ও সেবামুখী করতে কাজ করছে। হজযাত্রীদের সেবার মান উন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

উল্লেখ্য, গত বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করেন। নতুন চুক্তির ফলে আগামী বছর এই সংখ্যা আরও বাড়বে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে দুই দেশের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশ ও সৌদি আরবের রাষ্ট্রদূত এবং জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।