যুক্তরাজ্য ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং বহুমুখী অংশীদারত্ব তুলে ধরতে আগামী সপ্তাহে তিন দিনের সরকারি সফরে বাংলাদেশে আসছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবরা সোফি। তিনি রাজা তৃতীয় চার্লসের ছোট ভাই প্রিন্স এডওয়ার্ডের স্ত্রী, যিনি এডিনবরার ডিউক।
বাকিংহাম প্যালেসের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৯ থেকে ১১ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন ডাচেস সোফি। সফরে নারী ও মেয়েদের কল্যাণ, সুরক্ষা এবং ক্ষমতায়নের বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে। এ উপলক্ষে তিনি বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন।
সফরসূচি অনুযায়ী, রাজধানী ঢাকায় পৌঁছানোর পর ডাচেস সোফিকে অভ্যর্থনা জানাবেন বাংলাদেশের রাষ্ট্রপতি। এ সময় উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।
জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে জানতে এবং শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীদের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরতে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) পরিদর্শন করবেন ডাচেস সোফি।
সফরে তিনি বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি) পরিদর্শন করবেন। সেখানে নারী হকি খেলোয়াড়সহ উদীয়মান তরুণ অ্যাথলেটদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। এই আয়োজনের মধ্য দিয়ে নারী ও মেয়েদের জীবনে নতুন সুযোগ ও সম্ভাবনা তৈরিতে খেলাধুলার ভূমিকা তুলে ধরা হবে।
এ ছাড়া বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের ৭৫ বছর পূর্তি উপলক্ষে তরুণ প্রজন্মকে নিয়ে আয়োজিত বিশেষ উদযাপনেও যোগ দেবেন ডাচেস। সেখানে শিক্ষা, সাংস্কৃতিক বিনিময় এবং নারী ক্ষমতায়নের ওপর গুরুত্ব দিয়ে বক্তব্য দেবেন তিনি।
ঢাকায় কর্মসূচি শেষে কক্সবাজারে যাবেন ডাচেস সোফি। সেখানে রোহিঙ্গা শরণার্থীদের জীবনমান উন্নয়নে কাজ করা বিভিন্ন আন্তর্জাতিক ও স্থানীয় সংস্থার কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করবেন তিনি।
কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে অবস্থানকালে জোরপূর্বক বাস্তুচ্যুত নারী, শিশু ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য পরিচালিত সুরক্ষা ও সহায়তা কার্যক্রম সম্পর্কে জানবেন তিনি।
পাশাপাশি শরণার্থী শিবিরগুলোতে নারী ও শিশুদের নেতৃত্ব বিকাশ এবং সংকট মোকাবিলায় তাদের সক্ষমতা ও স্থিতিশীলতা বাড়াতে কী ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে, তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন ডাচেস।
ব্রাহ্মণবাড়িয়ায় রেলপথ-সড়ক অবরোধ, বন্ধ ঢাকা-চট্টগ্রাম-সিলেটের ট্রেন চলাচল
বায়ুদূষণের শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান কতো?