নতুন মজুরি নির্ধারণে বোর্ডের সভা স্থগিত

পোশাকশ্রমিকদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণে গঠিত মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত করা হয়েছে। অনিবার্য কারণ দেখিয়ে সোমবারের (১৬ নভেম্বর) নির্ধারিত বৈঠকটি পিছিয়ে দেওয়া হয়েছে। সভার নতুন তারিখ পরে জানানো হবে।

সোমবার (১৬ নভেম্বর) সকালে বোর্ডের সচিব রাইসা আফরোজ এক নোটিশে এ তথ্য জানান। নোটিশে বলা হয়, এদিন বেলা ১১টায় শ্রম অধিদপ্তরে অনুষ্ঠেয় বোর্ডের তৃতীয় সভা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।

এই বৈঠকে মালিকপক্ষের নতুন মজুরি কাঠামোর প্রস্তাব দেওয়ার কথা ছিল। এর আগে ৯ নভেম্বর অনুষ্ঠিত বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেয়। সেদিন মালিকপক্ষ প্রস্তাব দিতে না পারায় তাদের চার কার্যদিবস সময় দেওয়া হয়েছিল। সেই অনুযায়ী সোমবারের সভায় প্রস্তাব দেওয়ার কথা জানিয়েছিল তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।

বেতন বাড়ানোর দাবিতে তৈরি পোশাক খাতে শ্রমিক অসন্তোষের মধ্যে গত ১ নভেম্বর সরকার ন্যূনতম মজুরি বোর্ড পুনর্গঠনের পাশাপাশি পোশাকশিল্পের জন্য পৃথক বোর্ড গঠন করে। এরপরও ঢাকার মিরপুর, সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে শ্রমিকদের বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটে।

গত ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভায় ডিসেম্বর থেকে নতুন বেতন কাঠামো কার্যকরের ঘোষণা দেওয়া হয়। এরপর শ্রমিকদের কাজে ফেরার প্রবণতা দেখা যায়।

চলতি বছর শ্রম আইন সংশোধন করে শ্রমিকদের নিম্নতম মজুরি পুনর্নির্ধারণের সময়সীমা পাঁচ বছর থেকে কমিয়ে তিন বছর করা হয়েছে।

তৈরি পোশাকশ্রমিকদের সর্বশেষ নিম্নতম মজুরি ঘোষণা করা হয়েছিল ২০২৩ সালের নভেম্বরে। নতুন মজুরি কার্যকর হয় ওই বছরের ডিসেম্বর থেকে। সে সময় সর্বনিম্ন মজুরি ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা করা হয়, যা ছিল ৫৬ দশমিক ২৫ শতাংশ বৃদ্ধি। সেই হিসাবে বর্তমান মজুরি কাঠামোর মেয়াদ চলতি নভেম্বর মাসে শেষ হওয়ার কথা।