গার্মেন্টস শ্রমিকদের মজুরি নির্ধারণে বোর্ডের দ্বিতীয় সভা ৯ নভেম্বর

আপডেট : ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ এএম

তৈরি পোশাকশিল্পের সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি নির্ধারণে সুপারিশ প্রণয়নের লক্ষ্যে আগামী সোমবার (৯ নভেম্বর) দ্বিতীয় সভা করবে নিম্নতম মজুরি বোর্ড। বৃহস্পতিবার (৫ নভেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিম্নতম মজুরি বোর্ডের শিল্প শাখা থেকে জারি করা এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

নোটিশ অনুযায়ী, সোমবার সকাল ১১টায় রাজধানীর ৪০, সেগুনবাগিচায় বোর্ডের সভাকক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।

বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩৯ ধারা অনুযায়ী অনুষ্ঠিতব্য সভায় গার্মেন্টসশিল্পের শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা পৃথকভাবে তাঁদের প্রস্তাবিত নিম্নতম মজুরি হারের লিখিত প্রস্তাব জমা দেবেন। পাশাপাশি শিল্পটির সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর মজুরি নির্ধারণে সুপারিশ প্রণয়ন নিয়ে আলোচনা হবে।

সভায় বোর্ডের নিরপেক্ষ সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলে উদ্দিন আহমদ, মালিকপক্ষের প্রতিনিধি বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনকে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে।

এ ছাড়া মালিকপক্ষের প্রতিনিধি ও বিজিএমইএর পরিচালক এ বি এম সামছুদ্দিনকে সভায় মজুরি হারের প্রস্তাব জমা দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

নিম্নতম মজুরি বোর্ডের সচিব রাইসা আফরোজ স্বাক্ষরিত নোটিশে সংশ্লিষ্ট সদস্যদের নির্ধারিত সময়ে সভায় উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

এমইউ
আরও পড়ুন
সর্বশেষপঠিত