আজ মজলুম জননেতা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী

শোষণ, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আজীবন সংগ্রাম করা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ। কৃষক, শ্রমিক, মেহনতি ও অধিকারবঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় জীবনভর আন্দোলন-সংগ্রাম করেছেন তিনি। তাঁর মৃত্যুর পাঁচ দশক পূর্ণ হলো আজ।

১৯৭৬ সালের ১৭ নভেম্বর ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে (বর্তমানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়) চিকিৎসাধীন অবস্থায় মারা যান মওলানা ভাসানী। পরে টাঙ্গাইলের সন্তোষে তাঁকে সমাহিত করা হয়। মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা ও টাঙ্গাইলের সন্তোষসহ বিভিন্ন স্থানে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাণী দিয়েছেন।

বাংলার রাজনৈতিক ইতিহাসে মওলানা ভাসানী ছিলেন ব্যতিক্রমী এক নেতা। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে পাকিস্তানি শাসকদের শোষণ-বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ এবং বাংলাদেশের স্বাধীনতাসংগ্রাম—প্রতিটি গুরুত্বপূর্ণ পর্যায়ে তিনি সাধারণ মানুষের পক্ষে অবস্থান নিয়েছেন। রাজনৈতিক ক্ষমতা কিংবা ব্যক্তিগত স্বার্থের চেয়ে মানুষের অধিকার ও ন্যায়বিচারকে বেশি গুরুত্ব দিয়েছেন।

কৃষক, শ্রমিক, ভূমিহীন ও দরিদ্র মানুষের অধিকার আদায় ছিল তাঁর রাজনীতির অন্যতম প্রধান লক্ষ্য। বিভিন্ন আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়ে তিনি সাধারণ মানুষকে রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রে নিয়ে আসেন। তাঁর রাজনৈতিক দর্শনে স্বাধীনতা কেবল একটি রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয় ছিল না; এর সঙ্গে যুক্ত ছিল অর্থনৈতিক মুক্তি, সামাজিক সাম্য ও শোষণমুক্ত সমাজ গঠনের আকাঙ্ক্ষা।

১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে জন্মগ্রহণ করেন মওলানা আবদুল হামিদ খান ভাসানী। তাঁর বাবা শরাফত আলী খান এবং মা মোসাম্মৎ মজিরন বিবি। ধর্মীয় শিক্ষার পাশাপাশি ভারতের দেওবন্দে ইসলামি শিক্ষায় অধ্যয়ন করেন তিনি। পরবর্তী সময়ে সমাজের বৈষম্য, বঞ্চনা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে রাজনীতিতে যুক্ত হন।

১৯৪৭ সালে পাকিস্তান প্রতিষ্ঠার পর পূর্ব বাংলার মানুষের অধিকার আদায়ের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ভাসানী। ১৯৪৯ সালের ২৩ জুন ঢাকার রোজ গার্ডেনে আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হলে তিনি দলটির প্রথম সভাপতি নির্বাচিত হন। পরে পাকিস্তানি শাসকগোষ্ঠীর বৈষম্যমূলক নীতি ও শোষণের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলনে নেতৃত্ব দেন।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে দৃঢ় অবস্থান নেন মওলানা ভাসানী। পাকিস্তানি বাহিনীর গণহত্যা ও নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত গঠনে ভূমিকা রাখেন। মুক্তিযুদ্ধের সময় ভারতে অবস্থানকালে বাংলাদেশের প্রবাসী সরকারের উপদেষ্টা পরিষদের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি।

স্বাধীনতার পর ১৯৭২ সালের ২২ জানুয়ারি দেশে ফিরে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আবারও সক্রিয় হন। স্বাধীন বাংলাদেশের বিভিন্ন সরকারি নীতি ও কর্মকাণ্ডের সমালোচনা করে খাদ্যনিরাপত্তা, অর্থনৈতিক সাম্য, গণতান্ত্রিক জবাবদিহি এবং শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার দাবি জানান। ১৯৭৩ সালে খাদ্যের দাবিতে তাঁর অনশন কর্মসূচি সাধারণ মানুষের প্রতি দায়বদ্ধতার উল্লেখযোগ্য দৃষ্টান্ত হয়ে আছে।

দীর্ঘ রাজনৈতিক জীবনে আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দেওয়ার মধ্য দিয়ে মানুষের কাছে ‘মজলুম জননেতা’ হিসেবে পরিচিতি পান মওলানা ভাসানী। মৃত্যুর পাঁচ দশক পরও শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে তাঁর রাজনৈতিক দর্শন এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম আলোচিত হচ্ছে।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি নিয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এ উপলক্ষে একটি জাতীয় কমিটি গঠন করেছে। দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে আহ্বায়ক এবং প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকুকে সদস্যসচিব করা হয়েছে।

এ ছাড়া মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ১১ নভেম্বর থেকে সাত দিনব্যাপী ঐতিহ্যবাহী ভাসানী মেলা চলছে। আজ ১৭ নভেম্বর মেলার শেষ দিন।