বাংলাদেশের গ্রামীণ ব্যাংকের বিশের অধিক শাখায় কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ সমর্থকদের হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসঙ্ঘ।
সংস্থাটি স্পষ্ট জানিয়েছে, সব ধরনের সহিংসতার ঘটনা অবশ্যই জাতীয় কর্তৃপক্ষের মাধ্যমে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা উচিত।
জাতিসঙ্ঘের নিয়মিত সংবাদ সম্মেলনে গ্রামীণ ব্যাংক প্রসঙ্গ
বাংলাদেশে সম্প্রতি গ্রামীণ ব্যাংকের ২০-এর অধিক শাখায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থকদের হামলার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে জাতিসঙ্ঘ।
সংস্থাটির প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, সোমবার (১৬ নভেম্বর) জাতিসঙ্ঘ মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক এক নিয়মিত সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন।
সাংবাদিকের প্রশ্ন ও জাতিসঙ্ঘের প্রতিক্রিয়া
সংবাদ সম্মেলনে এক সাংবাদিক বাংলাদেশের সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গ তুলে বলেন, আওয়ামী লীগ সমর্থকেরা গ্রামীণ ব্যাংকের এক ডজনের বেশি শাখায় হামলা করেছেন। শান্তিতে নোবেলজয়ী এই ব্যাংকের প্রতিষ্ঠাতা অধ্যাপক মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিয়েছিলেন। তার প্রতি ক্ষোভ থেকেই ব্যাংকটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে মনে হচ্ছে। জাতিসঙ্ঘ কি বিষয়টিকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হিসেবে দেখবে, নাকি এ বিষয়ে তাদের কোনো মন্তব্য আছে?
এর জবাবে জাতিসঙ্ঘ মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক বলেন, ‘আমরা মনে করি, সব ধরনের সহিংসতার ঘটনা জাতীয় কর্তৃপক্ষের মাধ্যমে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা উচিত। আমরা অবশ্যই মনে করি যে, বিক্ষোভকারীদের শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার অধিকার রয়েছে; তবে আমরা জোর দিয়ে বলতে চাই, প্রতিবাদ অবশ্যই শান্তিপূর্ণ হতে হবে।’
এক সপ্তাহে গ্রামীণ ব্যাংকের ২২ শাখায় হামলা
উল্লেখ্য, গত এক সপ্তাহে দেশের বিভিন্ন অঞ্চলে গ্রামীণ ব্যাংকের ২২টি শাখায় হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিযোগ করা হয়েছে।
শেরপুর, কক্সবাজার, মাদারীপুর, দিনাজপুর, নওগাঁ, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, পাবনা, নীলফামারী, নেত্রকোনা, কিশোরগঞ্জ, গাজীপুর, সিলেট, গোপালগঞ্জ ও রংপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে এই হামলা ও অগ্নিসংযোগের চেষ্টা করা হয় বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
এতে বলা হয়েছে, সর্বশেষ ১৬ নভেম্বর দিবাগত রাতে রাজশাহী জোনের জামনগর বাগাতিপাড়া শাখা ও পটুয়াখালী জোনের টিয়াখালী কলাপাড়া শাখায় অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এ পর্যন্ত আগুন দেয়া হলো গ্রামীণ ব্যাংকের ২২টি শাখায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রামীণ ব্যাংক কোনো ব্যক্তি, পরিবার বা গোষ্ঠীর ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান নয়।
১৯৮৩ সালে অধ্যাদেশের মাধ্যমে প্রতিষ্ঠিত ব্যাংকটি বর্তমানে গ্রামীণ ব্যাংক আইন, ২০১৩ অনুযায়ী পরিচালিত একটি সংবিধিবদ্ধ ব্যাংক। প্রতিষ্ঠানটির ৯০ শতাংশ মালিকানা ঋণগ্রহীতা সদস্যদের এবং ১০ শতাংশ সরকারের বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।