ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোয় (ডিআর কঙ্গো) জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ বিমান বাহিনীর ইউটিলিটি এভিয়েশন ইউনিট কন্টিনজেন্টের প্রতিস্থাপন উপলক্ষে ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ নভেম্বর) ঢাকা সেনানিবাসস্থ বিমান বাহিনী সদর দপ্তরে কঙ্গোগামী কন্টিনজেন্ট সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি।
অনুষ্ঠানে বিমান বাহিনী প্রধান শৃঙ্খলা, সততা, সর্বোচ্চ পেশাদারিত্ব এবং আন্তরিকতার সাথে অর্পিত পবিত্র দায়িত্ব পালনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সুদূর প্রবাসে বাংলাদেশের পতাকা সমুন্নত রাখতে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বিমান বাহিনীর সুনাম অক্ষুণ্ণ রাখতে প্রতিটি সদস্যকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে।
পরে তিনি শান্তিরক্ষা মিশনের সাফল্য ও দেশের শান্তি কামনা করে বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ, ঢাকাস্থ এয়ার অফিসারগণ এবং উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাংলাদেশ বিমান বাহিনীর ৪টি এমআই সিরিজ হেলিকপ্টার ও অত্যাধুনিক গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্টসহ মোট ১৩৪ জন সদস্য ডিআর কঙ্গোতে জাতিসংঘ মিশন ‘মনুস্কো’ (MONUSCO)-তে দায়িত্ব পালন করে আসছেন। নতুন এই ইউটিলিটি এভিয়েশন ইউনিট-২৩ (Utility Aviation Unit-23) অত্যন্ত চৌকস সদস্যদের সমন্বয়ে গঠিত।
এই কন্টিনজেন্টের নেতৃত্ব দেবেন এয়ার কমডোর এ টি এম ইরফানুর রহমান, বিপিপি, পিএসসি, জিডি (পি)। এর আগে গত ২৮ অক্টোবর ২৩ জন অগ্রবর্তী সদস্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে কঙ্গোয় পৌঁছান। অবশিষ্ট ১১২ জন সদস্য আগামী ৪ নভেম্বর কঙ্গোর উদ্দেশ্যে যাত্রা করবেন।
সিলেট অঞ্চলের শাখাসমূহ নিয়ে ডাচ্-বাংলা ব্যাংকের স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত