জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বানের অংশ হিসেবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক সংলাপ শুরু করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদলের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল এ সংলাপে অংশ নেবে।
এর আগে, নাশকতার বিভিন্ন ঘটনায় সংসদে কঠোর হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদ অধিবেশনের সমাপনী দিনে বিরোধীদলীয় নেতার সঙ্গেও বৈঠক করেন তিনি। পরে ১১-দলীয় জোটের নেতারাও নিজেদের মধ্যে বৈঠক করেন। এসব উদ্যোগের ধারাবাহিকতায় এবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক সংলাপে বসছেন সরকারপ্রধান।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, সংকটের সময়ে সরকারপ্রধানের আহ্বানে সাড়া দিয়ে তাঁর দল সংলাপে অংশ নিচ্ছে। জানা গেছে, অন্যান্য রাজনৈতিক দলকেও পর্যায়ক্রমে সংলাপে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হচ্ছে।
এদিকে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বর্তমানে অস্ট্রেলিয়ায় রয়েছেন। তিনি দেশে ফিরলে ২৭ বা ২৮ নভেম্বর তার দলের সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপ হতে পারে।