ভূগর্ভস্থ ঘাঁটিতে নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা উন্মোচন ইরানের

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ এএম

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেশটির একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনার ফুটেজ সম্প্রচার করা হয়েছে। সেখানে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি নতুন একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা সামনে এনেছে। বাহিনীটির দাবি, এই প্রযুক্তির মাধ্যমে একসঙ্গে দুটি তরল জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা যাবে।

এই নতুন ব্যবস্থাটি ইরানের পুরোনো একটি দ্বৈত উৎক্ষেপণব্যবস্থার তুলনায় আরও উন্নত বলে ধারণা করা হচ্ছে। আগে যে ব্যবস্থা ব্যবহৃত হতো, সেটি দিয়ে একসঙ্গে দুটি কঠিন জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্র ছোড়া হতো।

প্রযুক্তিগত দিক থেকে তরল জ্বালানি বেশ কার্যকর হিসেবে বিবেচিত হয়। এই জ্বালানি ব্যবহারে ক্ষেপণাস্ত্রের গতি ও গতিপথ কিছুটা হলেও নিয়ন্ত্রণ করার সুযোগ পান পরিচালনাকারীরা।

আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ মুসাভি জানিয়েছেন, তাদের সামরিক সক্ষমতা আগের চেয়ে অনেক বেড়েছে।

তার ভাষায়, ‘আমরা আমাদের যুদ্ধকৌশলের কাঠামোয় অপ্রত্যাশিত চমক এবং অত্যন্ত কার্যকর সক্ষমতা যুক্ত করেছি।’

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির তথ্যমতে, নতুন এই ক্ষেপণাস্ত্রগুলো উল্লম্বভাবে ছোড়া হয়। গতি নিয়ন্ত্রণের সুবিধা থাকায় প্রতিপক্ষের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এড়িয়ে চলা সহজ হতে পারে।

রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, নতুন প্রজন্মের এসব ক্ষেপণাস্ত্রের পাল্লা এবং লক্ষ্যবস্তুতে আঘাত হানার নির্ভুলতা বেড়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের জিপিএস সিস্টেমের ওপর নির্ভর না করেই পথনির্দেশনা নেওয়ার সক্ষমতা অর্জনের দাবি করা হয়েছে।

গত শনিবার আইআরজিসির কমান্ডার মেজর জেনারেল আহমদ ওয়াহিদি নতুন ভূগর্ভস্থ স্থাপনাটি পরিদর্শন করেন। প্রকাশিত ভিডিওতে কয়েক কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গে শত শত ক্ষেপণাস্ত্র ও উৎক্ষেপণযান দেখা গেলেও ভিডিওটি কবে ধারণ করা হয়েছে, তা নিশ্চিত নয়।

সূত্র: আলজাজিরা 

এইচএন
আরও পড়ুন