বিমানের রিয়াদ ফ্লাইট ১৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ

সৌদি আরবে সাম্প্রতিক বিমান হামলাজনিত পরিস্থিতি ও যাত্রীদের নিরাপত্তা বিবেচনায় ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট স্থগিত রাখার মেয়াদ আরো বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত এ রুটে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবের সাম্প্রতিক পরিস্থিতি ও যাত্রীদের নিরাপত্তাজনিত কারণে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের নিয়মিত ফ্লাইট ১৬ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ রুটে ফ্লাইট আবার চালুর বিষয়ে পরিস্থিতি বিবেচনা করে যথাসময়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত থাকলেও সৌদি আরবের অন্য গন্তব্যে বিমানের ফ্লাইট স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চলবে।

ঢাকা-জেদ্দা-ঢাকা, ঢাকা-দাম্মাম-ঢাকা ও ঢাকা-মদিনা-ঢাকা রুটে পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী ফ্লাইট পরিচালিত হবে; এসব রুটে নতুন করে কোনো পরিবর্তন আনা হয়নি। রিয়াদগামী যাত্রীরা আসন খালি থাকা সাপেক্ষে বাংলাদেশ থেকে জেদ্দা, দাম্মাম ও মদিনাগামী ফ্লাইট ব্যবহার করে সৌদি আরবে যেতে পারবেন। টিকিট ও ভ্রমণসংক্রান্ত সর্বশেষ তথ্যের জন্য নিকটস্থ বিমানের সেলস সেন্টারে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।