ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে ভারতে নির্বাসিত জীবন থেকে বাংলাদেশে ফিরতে চান। দেশে ফেরার জন্য ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী এ কথা জানান। ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারতে যাওয়ার পর এই প্রথম দেশে ফেরার জন্য নির্দিষ্ট কোনো তারিখ জানালেন শেখ হাসিনা।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সমাপ্তির দিন ১৬ ডিসেম্বরকে দেশে ফেরার তারিখ হিসেবে বেছে নিয়েছেন তিনি। তবে তাঁর এই ঘোষণায় বাংলাদেশের রাজনৈতিক ও আইনি পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে তাঁর দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকা এবং দেশে সাম্প্রতিক সহিংসতার প্রেক্ষাপটে বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।
মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী বিবৃতিতে বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনাকে বাংলাদেশের একটি উড়োজাহাজে করে ভারতে নেওয়া হয়েছিল। এখন তিনি দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য তাঁর বিমান পরিবহনের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছেন।’
তিনি আরও বলেন, ‘এ ধরনের পরিস্থিতিতে সংবিধানবহির্ভূতভাবে তাঁকে নির্বাসনে পাঠানোর পর ১৬ ডিসেম্বর বিজয় দিবসে তাঁর বাংলাদেশে প্রত্যাবর্তন নিশ্চিত করা এখন সরকারের দায়িত্ব।’
তবে শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য ভারতের সঙ্গে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশের এক মন্ত্রী। রোববার রয়টার্সকে তিনি বলেন, দেশে ফিরলে শেখ হাসিনাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। তাঁকে ফিরিয়ে আনতে ভারত থেকে উড়োজাহাজ পাঠানোর বিষয়েও কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি।
বাংলাদেশ সরকারের একজন মুখপাত্র এ বিষয়ে রয়টার্সের মন্তব্য চাওয়ার পর তাৎক্ষণিকভাবে কোনো জবাব দেননি।
মৃত্যুদণ্ডের রায় ও প্রত্যাবর্তন ঘিরে আইনি জটিলতা
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। তাঁর সরকারের পতনের সময় সংঘটিত সহিংসতায় জাতিসংঘের হিসাবে সর্বোচ্চ ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়ে থাকতে পারেন।
গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার অনুপস্থিতিতে তাঁকে মৃত্যুদণ্ড দেন। ছাত্র-জনতার আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার দায়ে তাঁকে এ সাজা দেওয়া হয়। তবে ভারতে অবস্থান করে শেখ হাসিনা এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসের শুরুতে নতুন পাসপোর্ট ও অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহের উদ্যোগ নিয়েছেন শেখ হাসিনা। তাঁর পাসপোর্ট ও অন্যান্য কাগজপত্রের বিষয়টি সামনে আসার পর বাংলাদেশে রাজনৈতিক উত্তেজনা ও সহিংসতা বেড়েছে।
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার পর এখন প্রশ্ন উঠেছে, ১৬ ডিসেম্বর তিনি সত্যিই ফিরতে পারবেন কি না এবং তাঁর প্রত্যাবর্তন ঘিরে বাংলাদেশ ও ভারতের মধ্যে কোনো আনুষ্ঠানিক উদ্যোগ নেওয়া হবে কি না। এ বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখনো কোনো সম্মতি বা প্রত্যাবর্তন-পরিকল্পনার কথা জানানো হয়নি।