সাইবার সুরক্ষা (সংশোধন) আইন-২০২৬ এর খসড়া চূড়ান্ত করতে কূটনৈতিক মিশনের প্রধান ও উন্নয়ন সহযোগীদের সঙ্গে পরামর্শ সভা করেছে সরকার। সভায় সাংবাদিকদের গ্রেপ্তারের আগে আদালতের অনুমতি নেওয়ার বিধানসহ খসড়ার বিভিন্ন ইতিবাচক পরিবর্তনের প্রশংসা করেছেন উন্নয়ন সহযোগীরা। একই সঙ্গে গুজব, অপতথ্য ও মানহানিসংক্রান্ত ধারাগুলো আরও সুনির্দিষ্ট করার সুপারিশ করেছেন তারা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। সভায় আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে ফকির মাহবুব আনাম বলেন, বাংলাদেশের সাইবার নিরাপত্তা আইন কাঠামোকে এমনভাবে শক্তিশালী করতে চায় সরকার, যাতে নাগরিক ও গুরুত্বপূর্ণ অবকাঠামো সুরক্ষিত থাকে। একই সঙ্গে মৌলিক অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং আন্তর্জাতিক মানদণ্ডও বজায় থাকে।
তিনি বলেন, অর্থনীতি ও সরকারি সেবা দ্রুত ডিজিটালাইজড হচ্ছে। এর সঙ্গে সাইবার হুমকির পরিসর ও জটিলতাও বাড়ছে। অতীতে কিছু আইন প্রণয়নের প্রক্রিয়া দেশের অভ্যন্তরে এবং আন্তর্জাতিক অংশীদারদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছিল। বর্তমান সরকার সেই উদ্বেগ দূর করে স্বচ্ছ ও ভারসাম্যপূর্ণ আইন প্রণয়নে প্রতিশ্রুতিবদ্ধ। ডিজিটাল নিরাপত্তা ও নাগরিক স্বাধীনতার মধ্যে সঠিক ভারসাম্য রক্ষা করে আইন প্রণয়ন এককভাবে সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, এ কারণেই উন্নয়ন সহযোগী ও কূটনৈতিক মিশনের প্রতিনিধিদের সঙ্গে এ পরামর্শ সভার আয়োজন করা হয়েছে।
প্রযুক্তির অপব্যবহার রোধে সংশোধন জরুরি: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, সরকার কোনো জটিল বা অস্বচ্ছ প্রক্রিয়া চায় না। যেসব বিষয় সহজ ও স্বচ্ছভাবে সমাধান করা সম্ভব, সেগুলো সেভাবেই করা হচ্ছে। বাণিজ্যিক স্বার্থ বা অন্য কোনো প্রভাব যেন এ প্রক্রিয়াকে প্রভাবিত করতে না পারে, সেদিকেও সরকারের পূর্ণ নজর রয়েছে।
প্রযুক্তির অপব্যবহার রোধে সাইবার সুরক্ষা আইনের এ সংশোধন জরুরি বলেও মন্তব্য করেন তিনি। আইনমন্ত্রী বলেন, সরকার নাগরিক অধিকার সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। আইন প্রয়োগের অপব্যবহার রোধে সুপ্রিম কোর্টের বিচারিক পর্যালোচনাসহ পর্যাপ্ত প্রতিকারব্যবস্থা রয়েছে। মানবাধিকার কমিশনের স্বাধীন তদারকির ভূমিকা অক্ষুণ্ণ রাখতে কমিশনকে সংশ্লিষ্ট কমিটির বাইরে রাখা হয়েছে।
সাইবার নিরাপত্তা বৈশ্বিক চ্যালেঞ্জ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, সাইবার নিরাপত্তা শুধু বাংলাদেশের জাতীয় বিষয় নয়, এটি একটি বৈশ্বিক চ্যালেঞ্জ। আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার প্রতি সম্মান বজায় রাখতে চায় সরকার।
মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতের অঙ্গীকার
প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, মতপ্রকাশের স্বাধীনতা ও ভিন্নমতের প্রতি শ্রদ্ধা নিশ্চিত করা সরকারের অঙ্গীকার। তিনি বলেন, এআইনির্ভর সাইবার অপরাধ বর্তমান বিশ্বের অন্যতম বড় চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবিলায় সাইবার নিরাপত্তা, ব্যক্তিগত ও আর্থিক তথ্যের সুরক্ষা এবং ডিজিটাল অবকাঠামোকে সমন্বিতভাবে শক্তিশালী করতে হবে। আন্তর্জাতিক উত্তম চর্চা অনুসরণ করে বেসরকারি খাত, নাগরিক সমাজ ও উন্নয়ন সহযোগীদের মতামত নিয়ে সরকার এ খাতে কাজ করছে বলেও জানান তিনি।
মানহানির ক্ষেত্রে অ-ফৌজদারি প্রতিকারের সুপারিশ
সভায় যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড ও জাতিসংঘের বিভিন্ন সংস্থাসহ উন্নয়ন সহযোগীদের প্রতিনিধিরা তাদের মতামত ও সুপারিশ তুলে ধরেন। সরকারের উন্মুক্ত পরামর্শ প্রক্রিয়াকে স্বাগত জানিয়ে তারা বলেন, কার্যকর সাইবার নিরাপত্তা ও মতপ্রকাশের স্বাধীনতা একসঙ্গে নিশ্চিত করা সম্ভব।
উন্নয়ন সহযোগীরা সাংবাদিকদের গ্রেপ্তারের আগে আদালতের অনুমতির বিধানসহ খসড়ার ইতিবাচক পরিবর্তনগুলোর প্রশংসা করেন। পাশাপাশি গুজব, অপতথ্য ও মানহানিসংক্রান্ত ধারাগুলো আরও সুনির্দিষ্ট করার সুপারিশ করেন তারা। মানহানির ক্ষেত্রে অ-ফৌজদারি প্রতিকার নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন প্রতিনিধিরা। এছাড়া কনটেন্ট ব্লক করার ক্ষেত্রে ট্রাইব্যুনালের অনুমোদন, স্বাধীন বিচারিক পর্যালোচনা, সব ধরনের সাংবাদিকের সুরক্ষা, সংবাদসূত্রের গোপনীয়তা এবং সৎ বিশ্বাসে করা সাংবাদিকতার জন্য আইনি সুরক্ষাকবচ রাখার সুপারিশ করেন তারা।
সভায় মানহানি, হেয় প্রতিপন্ন করা ও সাইবার বুলিংয়ের বিষয়গুলো পৃথকভাবে বিবেচনা করে আইনের সংশ্লিষ্ট ধারাগুলো পুনর্বিন্যাসের প্রস্তাব নিয়ে আলোচনা হয়। পাশাপাশি সাইবার স্পেসের সংজ্ঞা আরও সুনির্দিষ্ট করার বিষয়েও মতবিনিময় করেন অংশগ্রহণকারীরা।
সভায় জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সির মহাপরিচালক ড. মো. তৈয়বুর রহমান সাইবার সুরক্ষা (সংশোধন) আইন-২০২৬ এর খসড়া উপস্থাপন করেন। এ সময় আইসিটি বিভাগের সচিব মো. মামুনুর রশীদ ভূঞা, বিভিন্ন কূটনৈতিক মিশনের প্রধান, উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।