জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশের মানুষের মধ্যে যে ফ্যাসিবাদবিরোধী ঐক্য গড়ে উঠেছে, বর্তমান সরকার তা আরও সুসংহত করতে চায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা মাহাদী আমীন।
দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং নাগরিক অধিকার সুরক্ষায় সব রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে রাজধানীর সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার সদস্যের একটি প্রতিনিধিদলের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
দুপুর ১টার দিকে অনুষ্ঠিত এই বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় ঐক্য, গণতান্ত্রিক যাত্রা এবং রাষ্ট্র সংস্কারের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এনসিপির প্রতিনিধিদলে ছিলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন এবং দুই নেতা হাসনাত আবদুল্লাহ ও আকরাম হোসেন।
মাহাদী আমীন জানান, অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে এনসিপি নেতারা তাদের মতামত তুলে ধরেন এবং প্রধানমন্ত্রী সরকারের অবস্থান স্পষ্ট করেন। একটি সহিষ্ণু ও সমান অধিকারভিত্তিক বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষাই এই আলোচনায় প্রতিফলিত হয়েছে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরও বলেন, জুলাই আন্দোলনে ধর্ম-বর্ণ ও দলমত নির্বিশেষে সবাই মানবাধিকার, আইনের শাসন ও বাক্স্বাধীনতার দাবিতে এক কাতারে দাঁড়িয়েছিলেন। আজকের বৈঠকেও সেই অভিন্ন চেতনারই বহিঃপ্রকাশ ঘটেছে।
বিএনপির রাজনৈতিক দর্শন তুলে ধরে তিনি উল্লেখ করেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের সংগ্রাম এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থান ছিল সেই স্বাধীনতা ও জনগণের অধিকার রক্ষার লড়াই। দেশকে এগিয়ে নিতে ‘সবার আগে বাংলাদেশ’ নীতিকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়ার কথা জানান তিনি।
জাতীয় স্বার্থে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্যের গুরুত্ব তুলে ধরে মাহাদী আমীন বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়ন, শিল্পের সুরক্ষা এবং কর্মসংস্থান সৃষ্টিতে সবাইকে একমত হতে হবে। এছাড়া দেশের বাইরে অবস্থানরত পতিত স্বৈরাচারের দোসররা যেন কোনো অস্থিতিশীলতা তৈরি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
বৈঠকে এনসিপির পক্ষ থেকে কোনো শর্ত দেওয়া হয়েছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি জানান, এটি ছিল কেবলই সৌহার্দ্যপূর্ণ মতবিনিময়, এখানে শর্ত দেওয়ার কোনো বিষয় ছিল না। জনগণকে রাষ্ট্রের সব ক্ষমতার মালিক করে একটি তাবেদারমুক্ত বাংলাদেশ গড়াই সরকারের মূল লক্ষ্য।
রাষ্ট্র সংস্কার প্রসঙ্গে সরকারের দৃঢ় অবস্থানের কথা জানিয়ে মাহাদী আমীন বলেন, নির্বাচনী ইশতেহার এবং জাতীয় জুলাই সনদে স্বাক্ষরিত প্রতিটি অঙ্গীকার শতভাগ বাস্তবায়ন করা হবে। ইতোমধ্যে নতুন সংসদের প্রথম অধিবেশনেই প্রায় শতাধিক অধ্যাদেশ আইনে রূপান্তর করা হয়েছে এবং এই সংস্কার প্রক্রিয়া অব্যাহত থাকবে।
আজ স্বর্ণদ্বীপে ঐতিহাসিক সামরিক মহড়া পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী