প্রস্তাবিত নবম জাতীয় বেতন স্কেলের বিভিন্ন গ্রেডের মূল বেতন, বাড়িভাড়া ও অন্যান্য ভাতায় অসংগতি ও বৈষম্য দূর করতে ৯ দফা সংশোধনী প্রস্তাব দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি। প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে গ্রেডভিত্তিক মূল বেতনের ব্যবধান যৌক্তিক করা, সব গ্রেডে বাড়িভাড়া ভাতার অভিন্ন নীতিমালা চালু, শিক্ষা ও উৎসব ভাতা বৃদ্ধি, বৈশাখী ভাতা ৩০ শতাংশ নির্ধারণ এবং ২০ বছর চাকরি পূর্ণ হলে স্বেচ্ছায় অবসরের সুযোগ দেওয়া।
মঙ্গলবার (২৪ নভেম্বর) জাতীয় বেতন স্কেল-২০২৬ পর্যালোচনা কমিটির আহ্বায়কের কাছে স্মারকলিপি দিয়ে এসব প্রস্তাব তুলে ধরে সংগঠনটি। এতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আর্থিক বৈষম্য নিরসন, জীবনযাত্রার মানোন্নয়ন ও অবসরকালীন আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সংশোধনী গ্রহণের দাবি জানানো হয়। স্মারকলিপিতে সংগঠনটির আহ্বায়ক আব্দুল মালেক ও সদস্য সচিব আশিকুল ইসলাম স্বাক্ষর করেন।
স্মারকলিপিতে বলা হয়, নতুন বেতন স্কেল বাস্তবায়নের উদ্যোগ প্রশংসনীয় হলেও বিভিন্ন গ্রেডের মূল বেতন, বাড়িভাড়া ও অন্যান্য ভাতার কাঠামোয় কিছু অসংগতি রয়েছে। এগুলো দূর করা না হলে বিভিন্ন গ্রেডের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আর্থিক বৈষম্য আরও বাড়তে পারে।
সংগঠনটির প্রথম প্রস্তাবে গ্রেডভিত্তিক মূল বেতনের ব্যবধান যৌক্তিকীকরণের দাবি জানানো হয়েছে। ব্যবধান যৌক্তিক না হলে পদোন্নতি, দায়িত্ব ও অভিজ্ঞতার যথাযথ আর্থিক স্বীকৃতি পাওয়া যায় না বলে দাবি সংগঠনটির। তাই প্রতিটি গ্রেডের মূল বেতনের মধ্যে যৌক্তিক ও ভারসাম্যপূর্ণ ব্যবধান নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে।
দ্বিতীয় প্রস্তাবে বাড়িভাড়া ভাতার গ্রেডভিত্তিক বৈষম্য দূর করে সব গ্রেডের জন্য অভিন্ন নীতিমালা চালুর দাবি জানানো হয়েছে। স্মারকলিপিতে বলা হয়, ১৬তম থেকে ২০তম গ্রেডে মূল বেতনের ৬০ শতাংশ এবং ১০ম থেকে ১৫তম গ্রেডে ৫০ শতাংশ বাড়িভাড়া নির্ধারণের ফলে জুনিয়র ও সিনিয়র কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আর্থিক অসামঞ্জস্য তৈরি হচ্ছে।
তৃতীয় প্রস্তাবে শিক্ষা ভাতা বাড়ানোর দাবি জানানো হয়েছে। সংগঠনটির ভাষ্য, প্রায় ১১ বছর ধরে শিক্ষা ভাতা অপরিবর্তিত রয়েছে। অথচ এ সময়ে ভর্তি ফি, মাসিক বেতন, বই, খাতা ও শিক্ষা উপকরণসহ অন্যান্য খরচ বহুগুণ বেড়েছে। এ পরিস্থিতিতে এক সন্তানের জন্য মাসিক শিক্ষা ভাতা ২ হাজার টাকা এবং দুই সন্তানের জন্য ৪ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে।
চতুর্থ প্রস্তাবে নতুন মূল বেতনের ধাপ অনুযায়ী বার্ষিক উৎসব ভাতা দেওয়ার দাবি জানানো হয়েছে। স্মারকলিপিতে বলা হয়, নতুন বেতন স্কেল অনুযায়ী যেভাবে ধাপভিত্তিক নীতিমালায় শ্রান্তি ও বিনোদন ভাতা বাস্তবায়নের ব্যবস্থা নেওয়া হয়েছে, একই নীতিমালা অনুসরণ করে উৎসব ভাতাও নির্ধারণ করতে হবে।
পঞ্চম প্রস্তাবে বৈশাখী ভাতা মূল বেতনের ৩০ শতাংশ করার দাবি জানিয়েছে সংগঠনটি। একই সঙ্গে সর্বনিম্ন বৈশাখী ভাতা ৬ হাজার এবং সর্বোচ্চ ২৫ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে। বিকল্প হিসেবে আগের ২০ শতাংশ বৈশাখী ভাতা বহাল রাখার কথাও বলা হয়েছে।
ষষ্ঠ প্রস্তাবে চাকরিতে প্রথম যোগদানের তারিখ থেকে চাকরিকাল গণনা করে উচ্চতর গ্রেড দেওয়ার দাবি জানানো হয়েছে। সংগঠনটির মতে, উন্নীত গ্রেড ও উচ্চতর গ্রেড দুটি ভিন্ন বিষয়। উন্নীত গ্রেড প্রতিষ্ঠানের পদকাঠামো, পদোন্নতি কিংবা সাংগঠনিক পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত। অন্যদিকে উচ্চতর গ্রেড একজন কর্মচারীর চাকরিকাল, অভিজ্ঞতা ও বিধি অনুযায়ী প্রাপ্যতার সঙ্গে যুক্ত। তাই উন্নীত গ্রেডকে উচ্চতর গ্রেডের বিকল্প হিসেবে বিবেচনা না করে প্রথম যোগদানের তারিখ থেকে চাকরিকাল গণনার প্রস্তাব দিয়েছে সংগঠনটি।
সপ্তম প্রস্তাবে ২৫ বছরের পরিবর্তে ২০ বছর চাকরি পূর্ণ হলে স্বেচ্ছায় অবসরের সুযোগ দেওয়ার দাবি জানানো হয়েছে। এ ক্ষেত্রে প্রচলিত বিধি অনুযায়ী পূর্ণ পেনশন ও গ্র্যাচুইটি সুবিধা দেওয়ার প্রস্তাব করা হয়েছে। সংগঠনটির মতে, দীর্ঘ কর্মজীবনে শারীরিক সক্ষমতা, পারিবারিক দায়িত্ব ও ব্যক্তিগত বাস্তবতা বিবেচনায় স্বেচ্ছায় অবসরের সুযোগ আরও বাস্তবসম্মত করা প্রয়োজন।
অষ্টম প্রস্তাবে ১৬তম ও ১৫তম গ্রেডের মূল বেতন ও বাড়িভাড়া ভাতার অসংগতি দূর করার দাবি জানানো হয়েছে। বৈষম্য দূর করতে প্রয়োজনীয় সংশোধনীর দাবি জানিয়েছে সংগঠনটি।
নবম প্রস্তাবে ২০১৫ সালের আগে শতভাগ পেনশন সমর্পণকারী কর্মকর্তা-কর্মচারীদের সমর্পিত পেনশন ১৫ বছরের পরিবর্তে ১০ বছর পর ফেরত দেওয়ার দাবি জানানো হয়েছে। স্মারকলিপিতে বলা হয়, পারিবারিক প্রয়োজনে অনেক কর্মকর্তা-কর্মচারী শতভাগ পেনশন সমর্পণ করেছিলেন। বর্তমানে তাদের কেউ বৃদ্ধাশ্রমে রয়েছেন, কেউ মানবেতর জীবনযাপন করছেন। অনেকে এরই মধ্যে মারা গেছেন।
স্মারকলিপির শেষাংশে সংগঠনটি বলেছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, আর্থিক বৈষম্য নিরসন, জীবনযাত্রার মানোন্নয়ন ও ভারসাম্যপূর্ণ বেতন কাঠামো গড়ে তোলার স্বার্থে প্রস্তাবগুলো বিবেচনা করা প্রয়োজন। পাশাপাশি বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সাত সদস্যের একটি প্রতিনিধিদলকে পর্যালোচনা কমিটির সঙ্গে সরাসরি সাক্ষাৎ ও মতবিনিময়ের সুযোগ দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।