রাশিয়ার বাজারে বাংলাদেশী পণ্যের আরো সুবিধা ও বিনিয়োগ চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশী পণ্যের জন্য রাশিয়ার বাজারে আরো বেশি বাণিজ্য সুবিধা চেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। একই সাথে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখতে রুশ বিনিয়োগকারীদের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন তিনি।

 

মঙ্গলবার (২৫ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিনের সাথে এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব আহ্বান জানান। 

 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

দ্বিপক্ষীয় বাণিজ্য ও অমীমাংসিত চুক্তি প্রসঙ্গ

 

সাক্ষাৎকালে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি এবং এর বহুমুখীকরণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এ সময় দেশের খাদ্য ও কৃষি খাতের জন্য গুরুত্বপূর্ণ পণ্য গম ও সার সরবরাহে রাশিয়ার ভূমিকার কথা কৃতজ্ঞতার সাথে উল্লেখ করেন তিনি।

 

পাশাপাশি, সাম্প্রতিক বাংলাদেশ-রাশিয়া আন্তঃসরকার কমিশনের বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন প্রতিমন্ত্রী। দুই দেশের মধ্যে যেসব চুক্তি ও দলিল এখনো অমীমাংসিত রয়েছে, সেগুলো দ্রুত চূড়ান্ত করার বিষয়েও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

 

শিক্ষা, অভিবাসন ও ভিসা প্রক্রিয়া সহজীকরণ

 

বৈঠকে দুই দেশের মধ্যে দক্ষ অভিবাসন, বিজ্ঞান ও প্রযুক্তি এবং বৃত্তি ও একাডেমিক বিনিময়সহ শিক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে, উচ্চশিক্ষার জন্য রাশিয়াগামী বাংলাদেশি শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে ঢাকায় অবস্থিত রুশ দূতাবাসের ভিসা অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়া আরো সহজ করার অনুরোধ জানান হুমায়ুন কবির।

 

রাশিয়ার রাষ্ট্রদূতের ইতিবাচক আশ্বাস

 

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রস্তাব ও আলোচনার জবাবে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন বলেন, ‘বাংলাদেশের সাথে বন্ধুত্বকে গুরুত্ব দেয় মস্কো। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা সম্প্রসারণে রাশিয়া আগ্রহী।