বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। স্বাস্থ্য পরীক্ষায় অনুপযুক্ত কর্মীকে উপযুক্ত দেখিয়ে বিদেশে পাঠানোর প্রমাণ মিললে এজেন্সির লাইসেন্সও বাতিল হতে পারে বলে সতর্ক করেন তিনি।
শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর মিরপুরে পুলিশ কনভেনশন সেন্টারে জালালাবাদ অ্যাসোসিয়েশনের ২০২৬-২০২৭ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।
আরিফুল হক চৌধুরী বলেন, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে কোনো রিক্রুটিং এজেন্সি অনুপযুক্ত কর্মীকে উপযুক্ত দেখিয়ে পাঠালে এবং তা প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
মন্ত্রী জানান, গতকাল সম্পূর্ণ বিনা খরচে ১১২ জন কর্মী মালয়েশিয়ায় ডিএইচএল কোম্পানিতে গেছেন। আগামী ৯ তারিখে আরও একটি দল সেখানে যাবে।
বিদেশে অবস্থানরত প্রবাসীদের আইনি সহায়তা দিতে ল’ফার্ম গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, যুদ্ধসহ বিভিন্ন দুর্ঘটনায় নিহত প্রবাসীদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকার চেষ্টা করছে। এ ছাড়া বিএমইটি কার্ড থাকুক বা না থাকুক, নিহত প্রত্যেক প্রবাসীর পরিবারকে ৩৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।
প্রবাসীদের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারের জেলা প্রশাসকদের প্রতি মাসে একটি করে সমন্বয় সভা আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী। তাঁদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে অগ্রাধিকার ভিত্তিতে সেবা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
তিনি আরও বলেন, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে। সেখানে সার্বক্ষণিক চিকিৎসক দল নিয়োগের ব্যবস্থাও নেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে প্রবাসীদের উদ্দেশে মন্ত্রী যে দেশে অবস্থান করছেন, সেই দেশের প্রচলিত আইন মেনে চলার আহ্বান জানান।