মার্শাল আর্ট শারীরিক সক্ষমতা ও মানসিক উৎকর্ষ বাড়ায়: সেতুমন্ত্রী

মাদকমুক্ত ও সক্ষম জাতি গঠনে তরুণ প্রজন্মকে মার্শাল আর্ট ও খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, মার্শাল আর্ট চর্চার মাধ্যমে তরুণদের শারীরিক সক্ষমতা ও দক্ষতা বাড়ার পাশাপাশি জয়-পরাজয় মেনে নেওয়ার মানসিকতা তৈরি হয়। তবে মার্শাল আর্ট চর্চার পাশাপাশি শারীরিক সুস্থতা ও ব্যক্তিত্বের উপস্থাপনার দিকেও মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে রাজধানীর গোপীবাগে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব মাঠে বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশন আয়োজিত ‘বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা স্মৃতি ফাইট নাইট-২০২৬ ও জাতীয় মার্শাল আর্ট পাওয়ার শো’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শেখ রবিউল আলম বলেন, মার্শাল আর্ট শারীরিক সক্ষমতা ও দক্ষতার প্রতিযোগিতা। এর পাশাপাশি প্রতিপক্ষকে পরাভূত করার জন্য বিচক্ষণতা, কৌশল ও যোগ্যতা অর্জনের সুযোগ রয়েছে। প্রতিযোগিতার মাধ্যমে একজন মানুষ নিজের সক্ষমতার পরিচয় দিতে পারেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই চর্চার মাধ্যমে মানুষ জয় উদযাপন করতে এবং পরাজয় মেনে নিতে শেখে। বারবার জয়-পরাজয়ের মধ্য দিয়েই একজন মানুষ সফল হয়ে ওঠেন।

তিনি বলেন, মার্শাল আর্টের সঙ্গে যুক্ত ব্যক্তিরা শারীরিকভাবে অনেক সক্ষম হচ্ছেন। এই চর্চা একজন মানুষকে সুস্থ-সবল নাগরিক হিসেবে গড়ে তুলতে এবং যেকোনো পরিস্থিতিতে নিজেকে সামলে নেওয়ার সক্ষমতা অর্জনে সহায়তা করে। তরুণ প্রজন্মের এভাবে প্রস্তুত হওয়া উচিত। এতে মানসিক উৎকর্ষ বাড়ে এবং শারীরিক সক্ষমতা ও যোগ্যতা প্রতিষ্ঠিত হয়।

মার্শাল আর্ট চর্চাকারীদের ব্যক্তিগত পরিচর্যার ওপরও গুরুত্ব দেন সেতুমন্ত্রী। তিনি বলেন, স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, চুলের ধরন এবং মুখের আকৃতির সঙ্গে মানানসই উপস্থাপনার বিষয়ে আরও সচেতন হওয়া প্রয়োজন। শারীরিকভাবে ফিট হওয়ার পাশাপাশি নিজেকে আরও আকর্ষণীয় ও উপস্থাপনযোগ্য করে তুলতে পারলে তরুণ প্রজন্ম তাঁদের বেশি অনুসরণ করবে।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করে শেখ রবিউল আলম বলেন, সাদেক হোসেন খোকা একসময় অত্যন্ত প্রতিকূল পরিস্থিতিতে ঢাকা মহানগর বিএনপিকে সুসংগঠিত করেছিলেন। তাঁর নেতৃত্বেই তাঁরা মহানগর বিএনপির রাজনীতি করেছেন এবং তাঁর কাছ থেকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ ও শিক্ষা পেয়েছেন। ১৯৭১ সালে জাতি যখন কিংকর্তব্যবিমূঢ়, তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। সেই ঘোষণায় উজ্জীবিত হয়ে সাদেক হোসেন খোকা মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন এবং গেরিলা মুক্তিযোদ্ধা হিসেবে পরিচিতি পান।

অনুষ্ঠানের আয়োজকদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, একটি সক্ষম জাতি গঠনের প্রচেষ্টায় বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের সঙ্গে যাঁরা যুক্ত রয়েছেন, তাঁদের প্রতি শুভেচ্ছা, ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

তরুণ নেতা ইশরাক হোসেনের নেতৃত্ব ও উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, তারুণ্য ধারণ করা, ঝুঁকি নেওয়া, প্রতিবাদ করা এবং রুখে দাঁড়ানোর সক্ষমতা তাঁর রয়েছে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের সভাপতি ইশরাক হোসেন বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে তরুণ প্রজন্মকে মার্শাল আর্ট ও খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। রাজধানী থেকে গ্রাম ও প্রান্তিক পর্যায় পর্যন্ত মার্শাল আর্ট ছড়িয়ে দেওয়ার পাশাপাশি প্রতি সপ্তাহে প্রতিযোগিতা আয়োজন করা হবে।

তিনি বলেন, মাদকের বিস্তার শহর থেকে গ্রাম, স্কুল থেকে পাড়া-মহল্লা পর্যন্ত ছড়িয়ে পড়ছে। এই মরণনেশা তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদকের কারণে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডও তৈরি হচ্ছে। এ পরিস্থিতি থেকে তরুণ প্রজন্মকে ফিরিয়ে এনে খেলাধুলার সঙ্গে যুক্ত করতে চান তাঁরা।

ইশরাক হোসেন বলেন, ‘আপনারা নিশ্চয়ই জানেন, আমি মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। ইনশা আল্লাহ, তারই একটি কার্যক্রমের অংশ হিসেবে পরবর্তী সময়ে মার্শাল আর্ট কনফেডারেশনের দায়িত্ব গ্রহণ করেছি।’

নতুন কমিটির তিনটি প্রধান লক্ষ্য তুলে ধরে তিনি বলেন, প্রথমত, অলিম্পিকে অন্তর্ভুক্ত ছয়টি মার্শাল আর্টকে প্রাধান্য দিয়ে আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি করা হবে। এর মাধ্যমে অলিম্পিক, এশিয়ান গেমস ও সাউথ এশিয়ান গেমসসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশের জন্য গৌরব বয়ে আনার উপযোগী খেলোয়াড় গড়ে তোলা হবে।

তিনি বলেন, আগে বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের অধীনে ৩২টি অ্যাসোসিয়েশনের মাধ্যমে ৩২ ধরনের মার্শাল আর্ট এগিয়ে নেওয়া হতো। তবে নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর অলিম্পিকে অন্তর্ভুক্ত ছয়টি মার্শাল আর্টকে বিশেষ গুরুত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

দ্বিতীয় লক্ষ্য সম্পর্কে ইশরাক বলেন, মার্শাল আর্টকে গ্রামীণ ও প্রান্তিক পর্যায়ে ছড়িয়ে দিয়ে স্কুলপর্যায়ে নিয়ে যেতে চান তাঁরা। এজন্য বছরব্যাপী কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে। প্রতি সপ্তাহে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় প্রতিযোগিতার আয়োজন করা হবে। এসব প্রতিযোগিতা সরাসরি সম্প্রচারের পরিকল্পনাও রয়েছে।

তিনি বলেন, ডব্লিউডব্লিউই রেসলিংয়ের মতো স্থানীয় পর্যায়ে মার্শাল আর্ট প্রতিযোগিতার একটি জনপ্রিয় ব্র্যান্ড তৈরি করতে চান তাঁরা। এর মাধ্যমে নতুন প্রজন্ম ও স্কুলের শিক্ষার্থীদের খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা সম্ভব হবে।

তৃতীয় লক্ষ্য হিসেবে মাদকবিরোধী সামাজিক আন্দোলনের কথা উল্লেখ করে তিনি বলেন, মার্শাল আর্টের প্রসারের মাধ্যমে তরুণদের মাদক থেকে দূরে রাখা এবং সামাজিকভাবে মাদক সমস্যার বিরুদ্ধে ভূমিকা রাখতে চায় কনফেডারেশন। আগামী প্রজন্মকে বিপদের হাত থেকে রক্ষায় খেলাধুলার সঙ্গে তাদের যুক্ত করা জরুরি।

নতুন দায়িত্ব পাওয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং জাতীয় ক্রীড়া পরিষদের সংশ্লিষ্ট ব্যক্তিদের ধন্যবাদ জানান ইশরাক হোসেন। এই প্ল্যাটফর্মের মাধ্যমে নির্ধারিত লক্ষ্য অর্জনে তাঁরা সক্ষম হবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম সজল, স্বদেশ প্রপার্টিজ লিমিটেডের নির্বাহী পরিচালক ইশফাক হোসেন, আয়োজক কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের সাধারণ সম্পাদক মাহফুজ হাসান উপস্থিত ছিলেন।