ইশরাকের পদত্যাগের ঘোষণায় প্রেস ক্লাবের সামনে সমর্থকদের বিক্ষোভ

আপডেট : ১৯ অক্টোবর ২০২৬, ০৬:২৬ পিএম

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দেওয়ার পর জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে বিক্ষোভ করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেনের সমর্থকরা।

সোমবার (১৯ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন শেষে তাঁর সমর্থকরা তোপখানা রোডসংলগ্ন সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় ইশরাক হোসেনকে সমর্থকদের বেষ্টনীর মধ্যে একটি খোলা জিপে দেখা যায়।

বিক্ষোভের কারণে জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে কিছু সময়ের জন্য দূরপাল্লার বাস ও গণপরিবহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে আশপাশের এলাকায় যানজটের সৃষ্টি হয়।

এর আগে সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন জানান, সাম্প্রতিক মাদকবিরোধী অভিযানকে কেন্দ্র করে গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন খবরের পরিপ্রেক্ষিতে তিনি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে স্বেচ্ছায় অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

গত শনিবার বিকেলে রাজধানীর গেন্ডারিয়া রেলস্টেশনসংলগ্ন দয়াগঞ্জ গুন্টিঘর রেলগেট এলাকায় মাদকবিরোধী অভিযানে যান ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। তাঁর নিজের ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, গাড়ি থেকে নেমেই আগ্নেয়াস্ত্র উঁচিয়ে চিৎকার করে বলছেন, ‘এই ধর ধর ধর...।’ তাঁর পাশ থেকে একজনকে বলতে শোনা যায়, ‘একেবারে গুলি করে দেব।’

এ সময় ইশরাক হোসেনের সঙ্গে থাকা দেহরক্ষীরা কয়েকজনকে ধরতে দৌড়ান। তাঁদের একজন এক তরুণকে লাথি দেন। এ সময় কয়েকজনকে বলতে শোনা যায়, ‘স্যার, আমি কিছু করিনি। আমি গরিব মানুষ, স্যার।’

আরেকটি ভিডিওতে আটক ব্যক্তিদের পুলিশের হাতে তুলে দিতে দেখা যায়। ঘটনাস্থলে ইশরাক হোসেনের নিজের নিয়োগ দেওয়া দুই দেহরক্ষী তোফাজ্জল হোসেন ও লাভলুর পাশাপাশি একজন সরকারি দেহরক্ষীও ছিলেন। তাঁর নিজের নিয়োগ দেওয়া দেহরক্ষীদের কাছেও অস্ত্র ছিল।

এএম
আরও পড়ুন