পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) সাবেক প্রধান ও অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলামের স্ত্রী সায়লা ফারজানা এবং তাঁর দুই শ্যালকসহ চারজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সহিংসতা ও নাশকতার পরিকল্পনার অভিযোগে রোববার ভোরে রাজধানীর মিরপুর ডিওএইচএস ও রাকিন সিটিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
রোববার (২৯ নভেম্বর) ভোরে ডিবি পুলিশের পৃথক অভিযানে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব সায়লা ফারজানা, তাঁর শ্যালক রেজাউল আলম শাহীন এবং অপর এক শ্যালক। তবে আটক হওয়া চতুর্থ ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সায়লা ফারজানা বিসিএস প্রশাসন ক্যাডারের ১৭তম ব্যাচের কর্মকর্তা। তিনি বিসিএস উইমেন নেটওয়ার্কের মহাসচিবের দায়িত্বও পালন করেছেন। তাঁর স্বামী মনিরুল ইসলামকে সরকার ইতিমধ্যে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে। ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি দেশ ছেড়ে ভারতে অবস্থান করছেন বলে জানা গেছে।
আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ১৩ আগস্ট প্রথমবারের মতো সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দপ্তরে গেলে পদোন্নতিবঞ্চিত কর্মকর্তা-কর্মচারীদের ক্ষোভের মুখে পড়েন সায়লা ফারজানা। ওই সময় বঞ্চিত কর্মকর্তারা তাঁকে কক্ষে আটকে রেখে বিক্ষোভ করেন। পরে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মাসুদুল হাসান কয়েকজন কর্মকর্তাকে নিয়ে তাঁকে উদ্ধার করেন। পুলিশি পাহারায় তাঁকে সচিবালয়ের বাইরে পাঠানো হয়। এরপর তিনি আর মন্ত্রণালয়ে যাননি। পরে ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর রাতে প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়।
এদিকে ক্ষমতার অপব্যবহার, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন এবং ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেনের অভিযোগে মনিরুল ইসলাম ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসব মামলায় মনিরুল ইসলাম, তাঁর স্ত্রী সায়লা ফারজানা, শ্যালক রেজাউল আলম শাহীন এবং শ্যালকের স্ত্রী সানজিদা খানম টুম্পাকে আসামি করা হয়েছে।
দুদকের এজাহার অনুযায়ী, আসামিরা পরস্পর যোগসাজশে ঘুষ, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ২৩ কোটি ৩২ লাখ টাকার সম্পদ অর্জন করে ভোগদখলে রেখেছেন বলে অভিযোগ রয়েছে।
এ ছাড়া তাঁদের নামে থাকা ৪০টি ব্যাংক হিসাবে ২০১৩ সালের ৮ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ১৬ এপ্রিল পর্যন্ত মোট ১ হাজার ৪৫ কোটি ২৮ লাখ ৩০ হাজার টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়েছে দুদক। এর মধ্যে ৫২৭ কোটি ৯২ লাখ ৮৮ হাজার টাকা জমা এবং ৫১৭ কোটি ৩৫ লাখ ৪১ হাজার টাকা উত্তোলন করা হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এসব অভিযোগে তাঁদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইনে মামলা দায়ের করা হয়েছে।