'আগামী দিনগুলোয় তরুণরাই বাংলাদেশকে এগিয়ে নেবে'

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এই বাংলাদেশ এগিয়ে যাওয়ার বাংলাদেশ, এই বাংলাদেশ বদলে যাওয়ার বাংলাদেশ। আগামী দিনগুলোয় তরুণরাই বাংলাদেশকে এগিয়ে নেবে। আগামী দিনের বাংলাদেশকে এগিয়ে নিতে মেধাবী শিক্ষার্থীদের খুঁজে বের করে প্রস্তুত করা হচ্ছে।

সোমবার (২৪ জুন) বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্নাতক ও সমমান পর্যায়ে শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তি বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শিক্ষার্থীদের মান উন্নয়নে বিজ্ঞান, প্রযুক্তি ও গবেষণায় গুরুত্ব দিচ্ছে সরকার। শিক্ষাকে আনন্দদায়ক করতে চায় সরকার। এ সময় বিত্তবানদের মেধাবী শিক্ষার্থীদের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, বিনামূল্যে বই বিতরণের বিষয়টি অনেকে অসম্ভব বললেও ক্ষমতায় এসে আওয়ামী লীগ তা করে দেখিয়েছে। ২০১০ সাল থেকে আমরা বিনামূল্যে বই বিতরণ করছি। এখন পর্যন্ত ৪৬৪ কোটির বেশি বই বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

এ সময় শেখ হাসিনা বলেন, বিএনপির আমলে স্বাক্ষরতার হার ৪৫ ভাগ। আমরা সেটিকে বর্তমানে ৭৬.৮ ভাগে উন্নীত করেছি। ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে শিক্ষা খাতে বাজেট বাড়ানোয় তা সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে।

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই অনুষ্ঠানে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ-২০২৪ এর সেরা মেধাবী পুরস্কার এবং 'বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার অ্যাওয়ার্ড-২০২৩' প্রদান করেন প্রধানমন্ত্রী।