শিক্ষার্থীদের বিনা টিকিটে ঐতিহাসিক স্থাপনা পরিদর্শনের সুযোগ

আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ০৬:০৪ পিএম

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের তৃতীয় থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা বিনা টিকিটে বাংলাদেশ জাতীয় জাদুঘরসহ ঢাকার বিভিন্ন প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক স্থাপনা পরিদর্শনের সুযোগ পাবে। ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে এ কার্যক্রম শুরু হবে।

শিক্ষার্থীদের দেশের ইতিহাস, ঐতিহ্য, শিল্প, সংস্কৃতি ও মুক্তিযুদ্ধ সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যে মঙ্গলবার (৩ নভেম্বর) নগর ভবনে ডিএসসিসি ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে এ-সংক্রান্ত একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

সমঝোতা অনুযায়ী, শিক্ষার্থীদের যাতায়াত, পরিবহন ও খাবারের ব্যবস্থা করবে ডিএসসিসি। পাশাপাশি তাদের সার্বিক নিরাপত্তা ও কার্যক্রমের সমন্বয়ের দায়িত্বও পালন করবে সংস্থাটি।

অন্যদিকে, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে শিক্ষার্থীদের জন্য গাইডেড ট্যুর, জাদুঘর ও প্রদর্শনী পরিদর্শন, কুইজ, চিত্রাঙ্কন এবং রচনা প্রতিযোগিতাসহ বিভিন্ন শিক্ষামূলক আয়োজন করা হবে।

শিক্ষার্থী নির্বাচনের ক্ষেত্রে অনগ্রসর পরিবারের সন্তান ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রাথমিকভাবে সমঝোতা স্মারকটি স্বাক্ষরের তারিখ থেকে এক বছরের জন্য কার্যকর থাকবে। পরে পর্যালোচনার ভিত্তিতে এর মেয়াদ ও পরিধি বাড়ানো হতে পারে।

অনুষ্ঠানে ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেন, এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা দেশের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত হওয়ার নতুন সুযোগ পাবে। ইতিহাস ও সংস্কৃতিচর্চার মধ্য দিয়ে নতুন প্রজন্মকে দেশপ্রেমিক, মানবিক ও সংস্কৃতিমনস্ক নাগরিক হিসেবে গড়ে তোলাই তাঁদের লক্ষ্য।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম বলেন, পাঠ্যপুস্তকের বাইরের বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা, নান্দনিকতা ও সাংস্কৃতিক মূল্যবোধ বিকাশের সুযোগ তৈরি করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান, বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক তানজিম ইবনে ওয়াহাবসহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এমইউ
আরও পড়ুন