গ্যাস লাইটার বিস্ফোরণে দগ্ধ

আইসিইউতে কবি নজরুলের নাতি বাবুল, অবস্থা আশঙ্কাজনক

রাজধানীর বনানীতে গ্যাস লাইটার বিস্ফোরণে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কনিষ্ঠ নাতি বাবুল কাজী (৫৯) দগ্ধ হয়েছেন।

শনিবার (১৮ জানুয়ারি) সকালে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান।

চিকিৎসক বলেন, শনিবার ভোরে বনানীর বাসায় ওয়াশরুমে গ্যাস লাইটার বিস্ফোরণে দগ্ধ হন বাবুল কাজী। পরে দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে সকালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তার শরীরের ৭৪ শতাংশ দগ্ধ হয়েছে, শ্বাসনালীও পুড়েছে। পরে তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।