একই সময়ে উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন একদল শিক্ষার্থী। তাঁদের স্বপ্ন, প্রত্যাশা ও শিক্ষাজীবনের সূচনাও একই সময়ে। কিন্তু বিশ্ববিদ্যালয়ে প্রবেশের পর একই ব্যাচের শিক্ষার্থীদের শিক্ষাজীবন যেন ভিন্ন পথে এগোতে থাকে। কেউ নির্ধারিত সময়ে স্নাতক শেষ করে কর্মজীবনে প্রবেশ করেন, কেউ উচ্চশিক্ষার পরবর্তী ধাপে এগিয়ে যান। আবার কেউ একই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেও তখনো স্নাতক সম্পন্ন করতে পারেন না। এমনকি একই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের মধ্যেও স্নাতক শেষ করার সময়ে উল্লেখযোগ্য ব্যবধান দেখা যায়।
একই সময়ে শিক্ষাজীবন শুরু করেও এই সময়গত বৈষম্য কেন? এর দায় কি শিক্ষার্থীদের ব্যক্তিগত ব্যর্থতা, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দুর্বলতা, নাকি রাষ্ট্রের উচ্চশিক্ষা ব্যবস্থাপনার সীমাবদ্ধতা? বাংলাদেশের উচ্চশিক্ষা ব্যবস্থায় সেশনজট নতুন কোনো সমস্যা নয়। দীর্ঘদিন ধরেই বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় নিয়ে স্নাতক সম্পন্ন করতে হচ্ছে। কোথাও কয়েক মাস, আবার কোথাও বছরের পর বছর অতিরিক্ত সময় পার হয়ে যাচ্ছে। এর পেছনে রয়েছে একাধিক কাঠামোগত ও প্রশাসনিক কারণ। নির্ধারিত সময়ে ক্লাস শুরু না হওয়া, সিলেবাস শেষ করতে বিলম্ব, পরীক্ষার সময়সূচি পরিবর্তন, এবং ফলাফল প্রকাশে অস্বাভাবিক দেরি শিক্ষাজীবন দীর্ঘায়িত করে। এ ছাড়া শিক্ষকস্বল্পতা, শ্রেণিকক্ষ ও ল্যাবরেটরির সীমাবদ্ধতা, প্রশাসনিক জটিলতা, রাজনৈতিক অস্থিরতা এবং বিভিন্ন সময়ে শিক্ষা কার্যক্রম বন্ধ থাকাও সেশনজটের অন্যতম কারণ।
বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ ব্যবস্থাপনাও এখানে গুরুত্বপূর্ণ। একই বিশ্ববিদ্যালয়ের একটি বিভাগ নিয়মিত ক্লাস, পরীক্ষা ও ফলাফল প্রকাশের মাধ্যমে শিক্ষাবর্ষ পরিচালনা করতে পারলেও অন্য একটি বিভাগ কেন একই ধারাবাহিকতা বজায় রাখতে পারে না? অবশ্য সব বিভাগের পাঠ্যক্রম, ব্যবহারিক শিক্ষা, গবেষণা কিংবা পেশাগত প্রশিক্ষণের ধরন এক নয়। ফলে কিছু পার্থক্য থাকা স্বাভাবিক। কিন্তু সেই পার্থক্য যদি দীর্ঘস্থায়ী অনিশ্চয়তা ও অযৌক্তিক বিলম্বের কারণ হয়ে দাঁড়ায়, তাহলে তা প্রশাসনিক জবাবদিহিতাঁকে প্রশ্নবিদ্ধ করে ।
একজন শিক্ষার্থীর কাছে বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত একটি বছর কেবল সময় নয়। এর সঙ্গে জড়িয়ে থাকে পারিবারিক প্রত্যাশা, আর্থিক বাস্তবতা, কর্মজীবনের পরিকল্পনা ও ব্যক্তিগত ভবিষ্যৎ। একই সময়ে ভর্তি হওয়া একজন শিক্ষার্থী যখন চাকরির বাজারে প্রবেশ করছেন, তখন অন্যজন হয়তো পরীক্ষার অপেক্ষায় থাকছেন। ফলে কর্মজীবনে প্রবেশের সময়গত ব্যবধান তৈরি হচ্ছে। বিশেষ করে সরকারি চাকরির বয়সসীমা, নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদনের যোগ্যতার বিষয়গুলো শিক্ষার্থীদের জন্য বাড়তি উদ্বেগ তৈরি করছে। উচ্চশিক্ষার জন্য বিদেশে আবেদন, বৃত্তি অর্জন কিংবা পেশাগত প্রশিক্ষণের ক্ষেত্রেও ফলাফল প্রকাশে বিলম্ব বাধা হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু এই দায়ভার কার—শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয় নাকি রাষ্ট্র? এই প্রশ্নের উত্তর একক কোনো প্রতিষ্ঠানের ওপর চাপিয়ে দেওয়ার সুযোগ নেই। তবে দায়িত্বের জায়গাগুলো স্পষ্ট করা জরুরি।
প্রথমত, একজন শিক্ষার্থীর ব্যক্তিগত দায়িত্ব অবশ্যই রয়েছে ।নিয়মিত ক্লাস ও পরীক্ষায় অংশগ্রহণ, একাডেমিক নিয়ম মেনে চলা এবং ব্যক্তিগত কারণে সৃষ্ট বিলম্ব এড়িয়ে চলা তাঁর দায়িত্ব। কিন্তু কোনো শিক্ষার্থী নিয়মিত পড়াশোনা করেও বিভাগীয় পরীক্ষা, ফলাফল প্রকাশ কিংবা প্রশাসনিক সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে বাধ্য হলে সেই দায় তাঁর ওপর চাপানো ন্যায়সংগত নয়। আবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায় সবচেয়ে প্রত্যক্ষ। একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন, ক্লাস ও পরীক্ষা পরিচালনা, শিক্ষক ও পরীক্ষক সমন্বয়, ফলাফল প্রকাশ এবং নির্ধারিত সময়ে স্নাতক সম্পন্ন করার পরিবেশ নিশ্চিত করা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব। কোনো বিভাগ ধারাবাহিকভাবে নির্ধারিত সময়সূচি অনুসরণে ব্যর্থ হলে তার কারণ অনুসন্ধান ও সমাধানের দায়িত্বও প্রশাসনের। অন্যদিকে রাষ্ট্রের দায়ও এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয় অর্থায়ন, শিক্ষক নিয়োগের নীতিমালা, অবকাঠামোগত উন্নয়ন এবং সামগ্রিক শিক্ষানীতি প্রণয়নের দায়িত্ব রাষ্ট্রের। প্রয়োজনীয় জনবল ও সুযোগ-সুবিধা নিশ্চিত না করে শুধু সময়মতো স্নাতক শেষ করার নির্দেশনা দিয়ে সমস্যার সমাধান সম্ভব নয়।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের উচ্চশিক্ষাবিষয়ক কৌশলগত পরিকল্পনাতেও শিক্ষক-শিক্ষার্থী অনুপাত, পর্যাপ্ত অবকাঠামো, ডিজিটাল সুবিধা এবং পরীক্ষা ও ফলাফল প্রকাশের দীর্ঘসূত্রতাকে উচ্চশিক্ষার কার্যকারিতার গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সুতরাং শিক্ষার্থীর দায় যেখানে ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিক ব্যর্থতার দায় বিশ্ববিদ্যালয়ের এবং কাঠামোগত সীমাবদ্ধতার দায় রাষ্ট্রের।
তাহলে সমাধান কী? সেশনজট কমালেই কি সমস্যার সমাধান হবে? সমস্যার সমাধান শুধু দ্রুত পরীক্ষা নেওয়া কিংবা ফলাফল প্রকাশের মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না। প্রয়োজন কার্যকর ও জবাবদিহিমূলক একাডেমিক ব্যবস্থাপনা। প্রতিটি বিশ্ববিদ্যালয়ে বাস্তবসম্মত একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন ও বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। বিভাগভিত্তিক পরীক্ষার সময়সূচি ও ফলাফল প্রকাশের নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করতে হবে। পাশাপাশি শিক্ষকস্বল্পতা ও অবকাঠামোগত সংকট দূর করতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।
প্রতিটি বিভাগে নির্ধারিত সময়ের তুলনায় কতটা বিলম্ব হচ্ছে, তার কারণ ও সমাধানসংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করা যেতে পারে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকেও এ ক্ষেত্রে পর্যবেক্ষণ ও মূল্যায়নে কার্যকর ভূমিকা রাখতে হবে। একজন শিক্ষার্থীর জীবনের চার কিংবা পাঁচ বছর শুধু একটি ডিগ্রি অর্জনের সময় নয় বরং এটি তাঁর ভবিষ্যৎ নির্মাণের গুরুত্বপূর্ণ সময়। সেই সময়ের যথাযথ ব্যবহার নিশ্চিত করা বিশ্ববিদ্যালয় ও রাষ্ট্র উভয়ের দায়িত্ব।
একই সময়ে উচ্চমাধ্যমিক পাস করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া শিক্ষার্থীদের মধ্যে কেউ নির্ধারিত সময়ে স্নাতক শেষ করে কর্মজীবনে প্রবেশ করছেন, আর কেউ প্রাতিষ্ঠানিক দীর্ঘসূত্রতার কারণে বছরের পর বছর অপেক্ষা করছেন। এটিকে নিছক ব্যক্তিগত দুর্ভাগ্য হিসেবে দেখার সুযোগ নেই। বরং বিষয়টি উচ্চশিক্ষা ব্যবস্থার সমতা ও জবাবদিহিতাকে প্রশ্নবিদ্ধ করে। রাষ্ট্র যদি দক্ষ মানবসম্পদ তৈরি করতে চায়, তাহলে শুধু বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ বাড়ালেই হবে না শিক্ষার্থীদের নির্ধারিত সময়ে মানসম্মত শিক্ষা সম্পন্ন করার নিশ্চয়তাও দিতে হবে। কারণ বিশ্ববিদ্যালয়ের সাফল্য শুধু কতজন শিক্ষার্থী ডিগ্রি অর্জন করলেন, তা দিয়ে পরিমাপ করা যায় না। বরং শিক্ষার্থীরা কতটা মানসম্মত শিক্ষা পেলেন এবং কতটা সময়মতো কর্মজীবনে প্রবেশ করতে পারলেন, সেটিও হওয়া উচিত উচ্চশিক্ষার সাফল্য পরিমাপের গুরুত্বপূর্ণ সূচক। প্রশ্ন তাই থেকেই যায়—একই সময়ে শিক্ষাজীবন শুরু করা শিক্ষার্থীদের ভবিষ্যৎ যদি বিশ্ববিদ্যালয়ভেদে, এমনকি একই বিশ্ববিদ্যালয়ের বিভাগভেদেও ভিন্ন হয়ে যায়, তাহলে এই সময়গত বৈষম্যের দায় কে নেবে? শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয় প্রশাসন, নাকি রাষ্ট্র?
লেখক: শিক্ষার্থী, ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় (ডিসিইউ)