জাতির বাঁক পরিবর্তনের দিন ১২ ফেব্রুয়ারি: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারি দেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ দিন, এটি হবে জাতির বাঁক পরিবর্তনের দিন।’

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে শেরপুরে ১১ দলীয় জোটের এক বিশাল নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জনসভায় ডা. শফিকুর রহমান তাঁর ব্যক্তিগত ‘এক্স’ (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক হওয়ার বিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

তিনি বলেন, ‘ষড়যন্ত্রমূলকভাবে আমার অ্যাকাউন্ট হ্যাক করে সেখানে কুরুচিপূর্ণ ও আপত্তিকর পোস্ট দেওয়া হয়েছে। যারা মায়েদের সম্মান করতে জানে না, তারাই এখন সেই পোস্টগুলো নিয়ে অপপ্রচার ও মিছিল করছে। ইতর শ্রেণি না হলে কেউ এমন ঘৃণ্য কাজ করতে পারে না।’

হ্যাকিংয়ের ঘটনায় দেওয়া পোস্টগুলোতে যেসব নারী বা মা-বোন কষ্ট পেয়েছেন, তাঁদের কাছে দুঃখ প্রকাশ করে জামায়াত আমির হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘মা-বোনদের গায়ে হাত দিলে বা তাঁদের অসম্মান করলে দেশে প্রতিবাদের বিস্ফোরণ ঘটবে।’

বক্তব্যের শেষ পর্যায়ে তিনি সম্প্রতি হত্যাকাণ্ডের শিকার জামায়াত নেতা শহিদ রেজাউল করিমের বিষয়টি তুলে ধরেন। তিনি অভিযোগ করে বলেন, ‘বিএনপির হামলায় নিহত হওয়া জামায়াত নেতা রেজাউল করিমের হত্যার বিচার অবিলম্বে শুরু করতে হবে। আমরা এই হত্যাকাণ্ডের দ্রুত ও সুষ্ঠু বিচার দাবি করছি।’

নির্বাচনি এই জনসভায় ১১ দলীয় জোটের স্থানীয় প্রার্থী ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিশাল এই জমায়েতকে কেন্দ্র করে শেরপুর জেলা শহরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।