বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক করার ঘটনা ঘটেছে। এই সাইবার হামলার মাধ্যমে তাঁর অ্যাকাউন্ট থেকে নারী বিদ্বেষী ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে শনিবার (৩১ জানুয়ারি) রাতে রাজধানীর হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেল ৪টার দিকে আমিরের এক্স অ্যাকাউন্টটি হ্যাকড হয়। সাড়ে ৪টার দিকে ওই অ্যাকাউন্ট থেকে একটি আপত্তিকর ও অবমাননাকর পোস্ট দেওয়া হয়। বিষয়টি নজরে আসার পরপরই জামায়াতে ইসলামীর সাইবার টিম কাজ শুরু করে এবং বিকেল ৫টার কিছু সময় পর অ্যাকাউন্টের পূর্ণ নিয়ন্ত্রণ ফিরে পায়। এরপর দ্রুত বিতর্কিত পোস্টটি সরিয়ে নেওয়া হয়।
জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সিরাজুল ইসলাম বলেন, ‘হ্যাকড অবস্থায় দেওয়া ওই পোস্টটি ছিল চরম নারী বিদ্বেষী, যা ডা. শফিকুর রহমানের চিন্তা-চেতনা ও আদর্শের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক। একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই কাজ করেছে এবং হ্যাকড থাকাকালীন পোস্টের স্ক্রিনশট দিয়ে এখনও অপপ্রচার চালাচ্ছে।’
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে বলেন, ‘অত্যন্ত পরিকল্পিতভাবে এই সাইবার হামলা চালানো হয়েছে। দ্রুত পদক্ষেপের মাধ্যমে অ্যাকাউন্টটি উদ্ধার করা হলেও এর পেছনে থাকা অপরাধীদের শনাক্ত করতে প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়েছে।’
বিবৃতিতে আরও বলা হয়, পরিচয় জালিয়াতি ও বিকৃত কনটেন্ট প্রচার আইনত দণ্ডনীয় অপরাধ। গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করতেই এই অপচেষ্টা চালানো হচ্ছে। একইসঙ্গে কোনো তথ্য যাচাই ছাড়া শেয়ার না করতে এবং শুধুমাত্র অফিসিয়াল সূত্র থেকে তথ্য গ্রহণ করতে সাধারণ মানুষ ও গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী।
জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল হ্যাক, বিভ্রান্তিকর পোস্টের প্রতিবাদে জামায়াতের বিবৃতি
