আখতার হোসেন

কেন্দ্র দখল করার পরিকল্পনা করা হচ্ছে, উপযুক্ত জবাব দেয়া হবে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, ‘আমরা গুলির সামনে দাঁড়ানো মানুষ, দিল্লির রক্ত চক্ষুর বিরুদ্ধে দাঁড়ানো মানুষ। আমরা শুনছি কেন্দ্র দখল করার পরিকল্পনা করা হচ্ছে। কেন্দ্র দখলের নামে আমাদের সাথে জুলুম করতে এসো না। তাহলে উপযুক্ত জবাব দেয়া হবে।‘

রোববার (১ ফেব্রুয়ারি) রাতে রংপুরের কাউনিয়া বালিকা মডেল স্কুল মাঠে নিজের  রংপুর-৪ আসনে ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের নির্বাচনী পদযাত্রার সভায় এই ঘোষণা একথা বলেন তিনি।

কাউনিয়া উপজেলা জামায়াত আমির আব্দুস সালাম সরকারের সভাপতিত্বে এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন  জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন এনসিপি সদস্য সচিব আখতার হোসেন, মুখপাত্র আসিফ মাহমুদ দক্ষিনাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক মনিরা শারমীন, শিক্ষা ও গবেষণা সম্পাদক ফয়সাল মাহমুদ শান্ত , জাতীয় যুব শক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম, এনসিপিরি যুগ্ম সদস্য সচিব আকরাম হোসেন প্রমুখ।

পদযাত্রা সমাবেশে বক্তব্য দিতে গিয়ে বিএনপির স্থানীয় প্রার্থী ও তার সমর্থকদের উদ্দেশ্য করে সমাবেশে এনসিপি সদস্য সচিব আখতার হোসেন ঘোষণা করেন, ‘গতকালও আমার নারীকর্মীদের উপর আক্রমণ করা হয়েছে। নারীদের হয়রানী করা হচ্ছে। আমরা আপনাদের স্পষ্ট করে বলছি, নারীদের নিয়ে বাঁদরামি কইরেন না। বাঁদরামি করলে একটা একটা করে গাছে ঝুলিয়ে দেবো। এমনভাবে ঝুলিয়ে দিব, এক গাছে থেকে আরেক গাছেও লাফিয়ে যেতে পারবা না।’

মিডিয়ার প্রতি পক্ষপাতের অভিযোগ এনে আখতার বলেন, ‘মিডিয়া অতীতের মত ফ্যাসিবাদী হাসিনার আম মিডিয়া অতীতের মতো একটি পক্ষের দিকে ঝুকে গেছে, জনগণ যদি সেই পক্ষের বিরুদ্ধে রায় দেয় তাহলে পরে পক্ষ চেঞ্জ করার সুযোগ পাবেন না।’ মিডিয়াকে সঠিক তথ্য পরিবেশনের আহ্বান জানান তিনি।

বাংলাদেশকে আধিপত্যবাদ এবং ফ্যাসিবাদ মুক্ত করার ঘোষণা দিয়ে আখতার রংপুরের আঞ্চলিক ভাষা বলেন, ‘অনেকে বলেন আমরা চ্যাংড়া (ছেলেমি)। হ্যাঁ বয়সে আমি চ্যাংড়া, কিন্তু পৃথিবীর ইতিহাসে চ্যাংড়া ছেলেরাই সব পরিবর্তন করেছে। হ্যাঁ আমরা বয়সে চ্যাংড়া (ছেলে), কথা দিচ্ছি চ্যাংড়ামো (ছেলেমি) করতে করতেই রংপুর অঞ্চলের বৈষম্য দূর করব। চ্যাংরামোর (ছেলেমির)  শক্তিতে আমরা বাংলাদেশকে আধিপত্যবাদভুক্ত করব।’

আখতার আরো বলেন, ‘১১ দল ক্ষমতায় আসলে প্রথমে তিস্তা সমস্যা সমাধানে প্রথম কাজ করব।’ এসময় তিনি পীরগাছা-কাউনিয়ার উন্নয়ন এবং বৈষম্য দূরীকরণে তার পরিকল্পনার কথাও তুলে ধরেন।

এর আগে আসিফ মাহমুদ জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও তার পরিবারের সাথে সাক্ষাত করেন। অপরদিকে হাসনাত আব্দুল্লাহ হারাগাছসহ বিভিন্ন এলাকায় পদযাত্রা করে শাপলা কলির পক্ষে ভোট চান। পরে পীরগাছায় আখতারের নির্বাচনী জনসভায়ে যোগ দেন এনসিপি ও জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।