তারেক রহমানকে নির্বাচনি বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জামায়াত আমিরের

দেশের রাজনৈতিক সংস্কৃতিতে নতুন এক অধ্যায় শুরুর প্রস্তাব দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে একটি উন্মুক্ত মঞ্চে সরাসরি নির্বাচনি বিতর্কে বসার আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ডা. শফিকুর রহমান এই ঘোষণা দেন। পোস্টে তিনি উল্লেখ করেন, জুলাই বিপ্লব-পরবর্তী বাংলাদেশে তরুণ প্রজন্মের প্রতি রাজনৈতিক নেতৃত্বের দায়বদ্ধতা অনেক বেড়ে গেছে। রাজনীতি যে কেবল সংঘাত নয়, বরং শালীন ও সহনশীল হতে পারে- তা প্রমাণ করার সময় এখন।

জামায়াত আমির বলেন, ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচনই রাজনৈতিক বৈধতার একমাত্র ভিত্তি। জনগণের আস্থাই হওয়া উচিত রাজনীতির মূল মানদণ্ড। ভবিষ্যৎ শাসনের জন্য এমন একটি মানদণ্ড স্থাপন করা প্রয়োজন, যা হবে জবাবদিহিমূলক, স্বচ্ছ এবং সবার সমালোচনার জন্য উন্মুক্ত।’

পোস্টে তিনি আরও উল্লেখ করেন, তারেক রহমান ইতোমধ্যে তার দলের রাজনৈতিক পরিকল্পনা জাতির সামনে পেশ করেছেন। এই প্রেক্ষাপটে একটি প্রকাশ্য আলোচনার মাধ্যমে উভয় পক্ষ নিজ নিজ নির্বাচনি ইশতেহার দেশবাসীর সামনে উপস্থাপন করতে পারে। এতে করে জনগণই সরাসরি সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পাবে কোন পথটি বাংলাদেশের জন্য মঙ্গলজনক।

একটি সংঘাতমুক্ত রাজনৈতিক পরিবেশ এবং জনগণের ইচ্ছার প্রতি শ্রদ্ধাশীল থাকার অঙ্গীকার নিয়ে নতুন এক বাংলাদেশের স্বপ্ন দেখছেন জামায়াত আমির। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, দুই শীর্ষ নেতার মধ্যে এমন বিতর্ক আয়োজিত হলে তা দেশের গণতান্ত্রিক ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।