বিএনপি ক্ষমতায় গেলে নারীবান্ধব একটি সরকার প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন, বিএনপি জয়ী হলে নারীবান্ধব একটি সরকার প্রতিষ্ঠাসহ নারী সাপোর্ট সেল গড়ে তুলবে বিএনপি। প্রতিটি উপজেলায় নিরাপদে সন্তান জন্ম দেওয়ার ব্যবস্থা করা হবে। মা ও শিশু স্বাস্থ্যসেবার দিকে নজর দেওয়া হবে।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর গুলশান লেক পার্কে গুলশান বনানী বারিধারা সোসাইটির নারী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান ও তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানও উপস্থিত ছিলেন।

জুবেদা রহমান বলেন, নারী শিক্ষা নিশ্চিতে বাল্যবিয়ে বন্ধ করা হবে। এর জন্য নারী শিক্ষার্থীদের বিনামূল্যে স্নাতকোত্তর পর্যন্ত শিক্ষা সম্প্রসারণ করা হবে। যেখানে নারীদের আর্থিক ও অন্যান্য সহায়তা দেওয়া হবে। এছাড়াও কর্মজীবী নারীদের ক্ষেত্রে সবেতনে ছয় মাসের মাতৃত্বকালীন ছুটি নিশ্চিত করা হবে। বাবা-মায়ের ভরণপোষণ আইনেরও কার্যকর বাস্তবায়ন করা হবে।

অনুষ্ঠানে গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত ও মহাসচিব সৈয়দ আহসান হাবীবসহ সোসাইটির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।