ভেদাভেদ ভুলে সাম্য এবং সবার জন্য সমান অধিকার প্রতিষ্ঠা করাই বিএনপির মূল লক্ষ্য বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর হাতিরঝিলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নগরবাসী ও ভোটারদের উদ্দেশে ডা. জুবাইদা রহমান বলেন, ‘এখন আমাদের গৌরবের নতুন সূর্যোদয়ের সময়। আমাদের রাজনীতি হলো সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি। আমরা বিশ্বাস করি- আমার আগে আমরা, আমাদের আগে দেশ; ক্ষমতার আগে জনতা এবং সবার আগে বাংলাদেশ।’
বিএনপি কেমন রাষ্ট্র গড়তে চায়, তার একটি রূপরেখা তুলে ধরে তিনি বলেন, ‘আমরা শ্রমের মর্যাদা, মেধার সঠিক মূল্যায়ন এবং মেধাভিত্তিক চাকরির নিশ্চয়তা দিতে চাই। শোষণের পরিবর্তে জনগণের ন্যায়ভিত্তিক অধিকার প্রতিষ্ঠাই আমাদের আদর্শ। আমরা এমন একটি সমাজ গড়তে চাই যেখানে নেতার চেয়ে জনতার গুরুত্ব বেশি থাকবে।’
হাতিরঝিলের সভায় উপস্থিত জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের প্রশংসা করে তিনি বলেন, ‘আপনারা আপনাদের সমস্যাগুলো আমাদের জানিয়েছেন। জনগণের সঙ্গে এই পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই আমরা একটি সুন্দর, সমতাভিত্তিক ও জ্ঞানভিত্তিক রাষ্ট্র উপহার দিতে চাই।’
ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক অধ্যাপক ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
শুক্রবার বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা
