নির্বাচনের পরিবেশ বর্তমানে একপেশে হয়ে পড়েছে এবং প্রশাসন একটি বিশেষ গোষ্ঠীর প্রতি নগ্ন পক্ষপাতিত্ব করছে বলে অভিযোগ করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসান মাহবুব জুবায়ের। তিনি বলেন, এই পরিস্থিতিতে দেশে সুষ্ঠু পরিবেশ নেই।
রোববার (৮ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এই অভিযোগ করেন।
অ্যাডভোকেট জুবায়ের অভিযোগ করেন, পটুয়াখালীর বাউফল আসনে জামায়াতের প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনি এলাকায় পুলিশ চরম পক্ষপাতিত্ব করেছে। বাউফলের ওসি চূড়ান্তভাবে একপেশে আচরণ করছেন। তিনি নির্দিষ্ট দলের কর্মীদের সঙ্গে নিয়ে জামায়াতের অফিস রেইড করছেন। এই ওসি বহাল থাকলে সেখানে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, আমরা অবিলম্বে তার প্রত্যাহার দাবি করেছি।
তিনি বলেন, ঢাকা-১৫ আসনে এবং পাবনায় নিয়মিত সন্ত্রাসী হামলা ও অফিস ভাঙচুর হচ্ছে। পাবনায় জেলা আমিরের ওপর হামলা এবং মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার ঘটনা উল্লেখ করে তিনি বলেন, সেখানে নারী কর্মীদের ওপরও হামলা চালানো হয়েছে। স্থানীয় প্রশাসন ও ইউএনও এসব দেখেও নীরব ভূমিকা পালন করছেন।
নির্বাচনি প্রচারে নারী কর্মীদের ওপর শারীরিক নির্যাতন ও হেনস্তার অভিযোগ এনে অ্যাডভোকেট জুবায়ের বলেন, বাউফল, পাবনা ও ঢাকাসহ বিভিন্ন স্থানে নারী ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে।
জামায়াতের পক্ষ থেকে লক্ষাধিক বোরকা বানানো হচ্ছে, এমন প্রচারণাকে ‘কাল্পনিক নাটক’ হিসেবে অভিহিত করে তিনি বলেন, ‘নারীদের মধ্যে সংশয় তৈরি করতে এবং তাদের নির্বাচনবিমুখ করতেই এমন উদ্দেশ্যপ্রণোদিত গুজব ছড়ানো হচ্ছে। যেখানে অর্ধেক ভোটার নারী, সেখানে তাদের নিরাপত্তা নিশ্চিত করা কমিশনের সাংবিধানিক দায়িত্ব।
তিনি আরও বলেন, বৈঠকে জামায়াতের পক্ষ থেকে প্রার্থীদের নিরাপত্তা, কেন্দ্রীয় নেতাদের চলাচলের জন্য গাড়ি ও পাস ইস্যু এবং সাংবাদিকদের নির্ভয়ে কাজ করার পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছি।