ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, বাংলাদেশের উন্নয়নের প্রধান অন্তরায় হলো দুর্নীতি। আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে রাজনৈতিক, প্রাতিষ্ঠানিক ও আইনি কঠোর পদক্ষেপের মাধ্যমে দুর্নীতিকে শূন্যের কোঠায় নামিয়ে আনব।
রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় বিটিভিতে জাতির উদ্দেশে দেওয়া এক নির্বাচনি ভাষণে তিনি এসব কথা বলেন। আসন্ন নির্বাচন উপলক্ষে রাষ্ট্র গঠনে তার দলের নীতিগত পরিকল্পনা ও ৩০ দফা ইশতেহার তুলে ধরেন তিনি।
চরমোনাই পীর বলেন, ‘আর্থিক খাতে স্বচ্ছতা নিশ্চিত করা হবে এবং রাজনৈতিক নেতৃত্ব ও প্রভাবশালী ব্যক্তিদের দুর্নীতির ক্ষেত্রে দৃষ্টান্তমূলক প্রকাশ্য শাস্তি নিশ্চিত করা হবে।’ তিনি উল্লেখ করেন যে, রাজনৈতিক সদিচ্ছা থাকলে যেকোনো প্রতিষ্ঠানকে দুর্নীতিমুক্ত করা সম্ভব।
স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও দেশে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি। তার মতে, অতীতে যারা ক্ষমতায় ছিলেন, তারা জনগণের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করতে ব্যর্থ হয়েছেন। তিনি বলেন, ভুল নীতি ও ভুল নেতাকে ভোট দেওয়ার কারণে দেশ কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছাতে পারেনি। এই ভুল থেকে বেরিয়ে আসার জন্য তিনি জনগণের প্রতি আহ্বান জানান।
মুফতি রেজাউল করীম বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে রাষ্ট্র পরিচালনায় ইসলামের মূলনীতিকে প্রাধান্য দেবে। ভাষণে তিনি দলের ৩০ দফা ইশতেহার পাঠ করেন এবং রাষ্ট্র সংস্কারে তাদের সুনির্দিষ্ট কর্মপদ্ধতি ও খাতওয়ারি পরিকল্পনা ব্যাখ্যা করেন। ভোট দেওয়াকে ইসলামের দৃষ্টিতে একটি আমানত উল্লেখ করে তিনি যোগ্য ও নীতিবান নেতৃত্বকে বেছে নেওয়ার অনুরোধ জানান।

