ভোট কেন্দ্রে মোবাইল নিষেধাজ্ঞা

নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের

ভোট কেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন ব্যবহারের ওপর নির্বাচন কমিশনের (ইসি) আরোপিত নিষেধাজ্ঞা নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ১০ দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী নাহিদ ইসলাম। সোমবার সন্ধ্যার মধ্যে এই সিদ্ধান্ত পরিবর্তন না করা হলে আগামীকাল মঙ্গলবার নির্বাচন কমিশন ঘেরাও করার আল্টিমেটাম দিয়েছেন তিনি।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মোহাম্মদপুর ঈদগাহ মাঠে এক নির্বাচনী জনসভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এই হুঁশিয়ারি দেন।

নাহিদ ইসলাম বলেন, ‘ইলেকশন কমিশন একটি বিজ্ঞপ্তি দিয়েছে যে ৪০০ গজের মধ্যে ফোন নিয়ে যাওয়া যাবে না। আজকে সন্ধ্যার মধ্যে এই বিধি-বিধান পরিবর্তন না করলে আগামীকাল নির্বাচন কমিশন ঘেরাও করা হবে। ইলেকশন কমিশন যদি কোনোভাবে পক্ষপাতিত্ব করে, তবে ফ্যাসিস্ট আমলের নির্বাচন কমিশনের চাইতেও ভয়াবহ অবস্থা হবে তাদের।’

বেসরকারি গণমাধ্যমগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি অনেক বেসরকারি গণমাধ্যম একটি নির্দিষ্ট দলের নির্বাচনের বিজ্ঞাপন প্রচার করছে, কিন্তু অনেকের বিজ্ঞাপন তারা নিচ্ছে না। এমন আচরণ দেখে মনে হচ্ছে তাদের কেউ বাধ্য করছে। আর যদি কেউ বাধ্য না করে থাকে, তবে ধরে নেব তারা নিজেরাই দালালি করছে।’

ভোটের দিন কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না জানিয়ে তিনি আরও বলেন, ‘এবারের নির্বাচনে যদি ভোটকেন্দ্র দখল করার চেষ্টা করা হয়, তবে সাধারণ মানুষ লাঠি হাতে সেই দখলদারদের প্রতিহত করবে।’

উল্লেখ্য, গত রোববার (৮ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন এক নির্দেশনায় জানায়, প্রিজাইডিং অফিসার, পুলিশ ইনচার্জ এবং নির্দিষ্ট অ্যাপ ব্যবহারকারী দুজন আনসার সদস্য ছাড়া ভোট কেন্দ্রের ৪০০ গজের মধ্যে আর কেউ মোবাইল ফোন বহন করতে পারবেন না। এই নির্দেশনার ফলে সংবাদকর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।