বিএনপির ভবিষ্যৎ নিয়ে কঠোর বার্তা দিলেন পাটওয়ারী

আপডেট : ১২ জুলাই ২০২৬, ০৯:৪২ পিএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, এনসিপি ছাড় না দিলে বিএনপির রাজনৈতিক অবস্থান কঠিন হয়ে পড়বে। রোববার (১২ জুলাই) বিকেলে নওগাঁর পোরশা উপজেলার সরাইগাছি মোড়ে আয়োজিত জুলাই পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘সবাইকে নিয়ে সুন্দর একটি বাংলাদেশের জন্য এনসিপি আন্দোলন করছে। অনেক ছাড় দিয়ে রাজনীতি করা হচ্ছে। এই সুযোগে সরকারের কিছু এমপি ও মন্ত্রী বড় বড় কথা বলা শুরু করেছেন।’

তিনি আরও বলেন, ‘এনসিপি যদি ছাড় না দেয়, শেখ হাসিনা দিল্লিতে পালিয়ে বেঁচে গেছেন, কিন্তু বিএনপির জায়গা বঙ্গোপসাগরেও হবে না।’

আওয়ামী লীগের সমালোচনা করে এনসিপির এই নেতা বলেন, ‘এই আওয়ামী লীগ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়াকে হত্যা করেছে। এবার যদি তারেক রহমান তাদের সঙ্গে আঁতাতের চেষ্টা করেন, তবে তারেক রহমানকেও তারা হত্যা করবে।’

ভারত প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, অতীতে ভারতের বিভিন্ন ষড়যন্ত্র বাংলাদেশের মানুষ মোকাবিলা করেছে। ভবিষ্যতেও যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা করে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর সমালোচনা করে তিনি বলেন, দক্ষিণাঞ্চলের বন্যায় ৩৯ জন মানুষের মৃত্যু হলেও দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীকে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দেখা যায়নি। নির্বাচনের আগে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে মানুষকে প্রতারিত করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

জুলাই পদযাত্রার এ কর্মসূচিতে এনসিপির কেন্দ্রীয় নারী শক্তির আহ্বায়ক মনিরা শারমিন, কেন্দ্রীয় যুবশক্তির সদস্য ফরহাদ সোহেলসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন। এ সময় আসন্ন উপজেলা নির্বাচনে এনসিপির প্রার্থী হিসেবে স্থানীয় নেতা গোলাম মোস্তফা কামালের নাম ঘোষণা করা হয়।

Attr/AHA
আরও পড়ুন