নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ নগদ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানের আটকের ঘটনাকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ মানতে নারাজ বিএনপি। দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন বলেছেন, নির্বাচনের আগে অবৈধ লেনদেন ঠেকাতে যখন সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ, তখন একজন শীর্ষ নেতার এই বিপুল অর্থ বহনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন।
মাহদী আমিন বলেন, ‘সৈয়দপুর বিমানবন্দরের কাণ্ডকে বিচ্ছিন্ন বলার সুযোগ নেই। ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকার পরও কী কারণে এতগুলো টাকা বহন করা হচ্ছিল, তা বুঝতে বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই। এই ঘটনা প্রমাণ করে যে, একটি গণবিচ্ছিন্ন দল দেউলিয়াত্ব থেকে ভোটারদের ওপর অনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা করছে।’
তিনি আরও অভিযোগ করেন, বিকাশ নম্বর সংগ্রহ করে আর্থিক প্রলোভন দেখানো এবং ধর্মীয় আবেগকে পুঁজি করে ‘জান্নাতের টিকিট’ বিক্রির মতো বিষয়গুলো সাধারণ ভোটাররা ইতোমধ্যে প্রত্যাখ্যান করেছে। বিএনপির জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি গোষ্ঠী নানা প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করছে বলেও তিনি দাবি করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত বিএনপির আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল বলেন, ‘ভোটের আগে অর্থ ছড়ানোর বিষয়টি আমরা আগেই আশঙ্কা করেছিলাম। আইনশৃঙ্খলা বাহিনী নজরদারি করে ব্যবস্থা নিচ্ছে, যা ইতিবাচক। তবে ভোটের অনেক কিছু এখন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে হচ্ছে কি না, তা নিয়ে আমাদের সতর্ক থাকতে হবে।’
আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনকে ‘স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রতীক’ উল্লেখ করে মাহদী আমিন দেশবাসীকে বিএনপির পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।