টাকাসহ আটক ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির হাসপাতালে ভর্তি

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৪ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র একদিন আগে বিপুল পরিমাণ নগদ টাকাসহ নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে আটক হয়েছেন ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধান। আটকের পর জিজ্ঞাসাবাদের একপর্যায়ে অসুস্থ হয়ে পড়লে তাকে পুলিশি পাহারায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১০টা ৫৫ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা থেকে সৈয়দপুর পৌঁছালে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে পুলিশ। তল্লাশিকালে তার কাছে থাকা ব্যাগ থেকে ৫০ লাখেরও বেশি নগদ টাকা ও বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করা হয়।

নীলফামারীর পুলিশ সুপার (এসপি) শেখ জাহিদুল ইসলাম জানান, আটককৃত অর্থ বর্তমানে গণনা করা হচ্ছে এবং নথিপত্রগুলো যাচাই-বাছাই চলছে। জিজ্ঞাসাবাদ চলাকালে তিনি হঠাৎ অসুস্থ বোধ করলে দুপুর ১টা ৪৭ মিনিটে তাকে অ্যাম্বুলেন্সে করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে কড়া পুলিশি প্রহরায় সেখানে তার চিকিৎসা চলছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে হাসপাতাল এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
আটকের পর একটি ভিডিও বার্তায় বেলাল উদ্দিন জানান, তিনি ঠাকুরগাঁও শহরের হাজিপাড়ার বাসিন্দা এবং শালন্দা কলেজের শিক্ষক। উদ্ধারকৃত অর্থ তার ব্যক্তিগত গার্মেন্টস ব্যবসার মূলধন বলে তিনি দাবি করেন।

এদিকে, জামায়াত নেতাকে আটকের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের দাবি করেছেন, এই অর্থ সম্পূর্ণ ব্যবসায়িক লেনদেনের জন্য এবং এর সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। রাজনৈতিক উদ্দেশ্যে এই ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার অপচেষ্টা চালানো হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।

আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে বিপুল অর্থসহ জামায়াত নেতার আটকের এই ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্য ও উত্তেজনা বিরাজ করছে। এই অর্থ নির্বাচনে প্রভাব ফেলার জন্য আনা হয়েছিল কি না, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।

FJ
আরও পড়ুন