ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের প্রথম প্রহরেই নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন ঢাকা-১৩ আসনের জামায়াত জোট মনোনীত প্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মো. মামুনুল হক।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টা ১০ মিনিটে মোহাম্মদপুর সাত মসজিদ রোডের সরকারি শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে তিনি ভোট প্রদান করেন।
সরেজমিনে দেখা গেছে, ঢাকা-১৩ আসনের কেন্দ্রগুলোতে সকাল থেকেই ভোটারদের সরব উপস্থিতি রয়েছে। এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা সহিংসতার খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে রয়েছেন এবং সাধারণ ভোটাররা উৎসবমুখর পরিবেশে স্বাচ্ছন্দ্যে ভোট দিচ্ছেন।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২৮, ২৯, ৩০, ৩১, ৩২, ৩৩ ও ৩৪ নং ওয়ার্ড নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮ হাজার ৭৯১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯ হাজার ৮১২ জন, নারী ভোটার ১ লাখ ৯৮ হাজার ৯৭১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৮ জন।
ঢাকা-১৩ আসনে এবার বহুমুখী লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। এই আসনে প্রধান প্রতিদ্বন্দ্বীদের মধ্যে রয়েছেন:
- মো. মামুনুল হক: রিকশা প্রতীক (বাংলাদেশ খেলাফত মজলিস/জামায়াত জোট)।
- ববি হাজ্জাজ: ধানের শীষ প্রতীক (বিএনপি/এনডিএম)।
- মিজানুর রহমান: ট্রাক প্রতীক (গণঅধিকার পরিষদ)।
- সোহেল রানা: কলস প্রতীক (স্বতন্ত্র)।
- মো. খালেকুজ্জামান: মই প্রতীক (বাসদ)।
এ ছাড়া রকেট প্রতীকে মো. শাহাবুদ্দিন (বিএমজেপি), হারিকেন প্রতীকে শাহরিয়ার ইফতেখার (মুসলিম লীগ), আপেল প্রতীকে ফাতেমা আক্তার মুনিয়া (ইনসানিয়াত বিপ্লব) এবং ঘুড়ি প্রতীকে শেখ মো. রবিউল ইসলাম (স্বতন্ত্র) প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এই আসনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং সিসিটিভি ক্যামেরার মাধ্যমে কেন্দ্রগুলো পর্যবেক্ষণ করা হচ্ছে।