ঢাকা-৮ আসনের মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পোলিং এজেন্টকে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ তুলেছেন দলটির প্রার্থী নাসীরুদ্দিন পাটোয়ারী। ওই সময়ে কেন্দ্রের ভেতরে কী ঘটেছে, তা নিশ্চিত হতে গত তিন ঘণ্টার সিসিটিভি ফুটেজ উদ্ধারের দাবি জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্র পরিদর্শনে এসে সাংবাদিকদের কাছে তিনি এসব অভিযোগ করেন।
নাসীরুদ্দিন পাটোয়ারী বলেন, ‘সকাল থেকে আমি অনেকগুলো কেন্দ্রে গিয়েছি, পরিবেশ স্বাভাবিক ছিল। কিন্তু এই কেন্দ্রে আমাদের এজেন্টকে এক ঘণ্টা বিলম্ব করে ঢুকতে দেওয়া হয়েছে। সেই সময় বাড়তে বাড়তে তিন ঘণ্টা পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। এই তিন ঘণ্টা যখন আমাদের কোনো প্রতিনিধি ভেতরে ছিল না, তখন সেখানে কী হয়েছে তা আমরা জানতে চাই।’
তিনি আরও অভিযোগ করেন, ‘আমার এজেন্টকে প্রশাসনের লোক চেক করেনি। চেক করেছে দলীয় গুন্ডা-সন্ত্রাসীরা, যারা মির্জা আব্বাসের লোক। এজেন্টকে বাইরে রেখে তিন ঘণ্টা ভেতরে যা করা হয়েছে, তার সিসিটিভি ফুটেজ উদ্ধার করে জনগণের সামনে প্রকাশ করা হোক।’
নির্বাচনি পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করে এনসিপি প্রার্থী বলেন, সব কেন্দ্রে স্বচ্ছতা নিশ্চিত করা না গেলে নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হবে। তিনি এ বিষয়ে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা ও প্রশাসনের তাৎক্ষণিক হস্তক্ষেপ কামনা করেন।
উল্লেখ্য, ঢাকা-৮ আসনে হেভিওয়েট প্রার্থীদের মধ্যে নাসীরুদ্দিন পাটোয়ারী অন্যতম। সকাল থেকেই এই আসনের বিভিন্ন কেন্দ্রে টানটান উত্তেজনা বিরাজ করছে।