ভোট সুষ্ঠু হচ্ছে, ইঞ্জিনিয়ারিং হলে মেনে নেওয়া হবে না: মির্জা আব্বাস

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৪ পিএম

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত জাতীয় সংসদের ঢাকা-৮ আসনে ভোটগ্রহণ সুষ্ঠু হচ্ছে বলে মন্তব্য করেছেন এ আসনের প্রার্থী মির্জা আব্বাস। তবে ভোটে কোনো ধরনের ‘ইঞ্জিনিয়ারিং’ হলে তা মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে রাজধানীর মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তিনি। ভোটদান শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ঢাকা-৮ আসনের এই প্রার্থী।

মির্জা আব্বাস বলেন, ‘ভোট এখন পর্যন্ত সুষ্ঠুভাবেই হচ্ছে। সুষ্ঠু না হওয়ার মতো কোনো পরিস্থিতি আমি দেখছি না।’ তবে তিনি সতর্ক করে বলেন, ‘ভোটে ইঞ্জিনিয়ারিং হলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।’

ঢাকা-৮ আসনটি মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর থানা নিয়ে গঠিত। এ আসনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থী নাসিরুদ্দিন পাটোয়ারী।

প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে হেনস্তার অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে মির্জা আব্বাস বলেন, এ বিষয়ে তিনি কিছু জানেন না। ‘অভিযোগের বিষয়ে আমি অবগত নই,’ -সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় জানান তিনি।

NB/AHA
আরও পড়ুন