বিএনপির ‘দ্বিশতক’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোর ৪টা পর্যন্ত প্রকাশিত কেন্দ্রভিত্তিক বেসরকারি ফলে দলটি দুইশো আসনের মাইলফলক অতিক্রম করেছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত (ভোর ৫টা) নির্বাচন কমিশন কোনো আসনের পূর্ণাঙ্গ বেসরকারি ফল ঘোষণা করতে পারেনি। তবে সারা দেশের প্রতিটি আসন থেকে প্রতিনিধিদের পাঠানো সর্বশেষ সংবাদ এবং দলীয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী বিএনপির বিজয় নিশ্চিত হয়েছে ২০৪টি আসনে।

এছাড়া জয়ের পথে এগিয়ে আছে আরও কয়েকটি আসনে। এর মধ্যে ঢাকা বিভাগে ৫০টি, চট্টগ্রাম বিভাগে ৪৯টি, বরিশাল বিভাগে ১৭টি, ময়মনসিংহে ১৮টি, সিলেটে ১৭টি, রংপুরে ১৪টি, রাজশাহীতে ২৮টি এবং খুলনা বিভাগে ১১টি।

অপর দিকে, জামায়াতে ইসলামীর নেতৃত্বে ১১ দলীয় জোট জয়লাভ করেছে ৭১টি আসনে। জয়ের পথে এগিয়ে আছে আরও কয়েকটি আসনে। তবে এসব ফলের বিষয়ে নির্বাচন কমিশন থেকে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। 

বৃহস্পতিবার দেশের ইতিহাসে এক অভূতপূর্ব উৎসবমুখর নির্বাচন প্রত্যক্ষ করেন কোটি কোটি ভোটার। যেখানে গড়ে ভোট প্রদানের হার ছিল ৬২ শতাংশ। সংঘাত-সহিংসতার নানা পূর্বাভাসকে ভুল প্রমাণ করে দেশব্যাপী একদিনে অনেকটা ঈদ উৎসবের মেজাজে বহুলপ্রত্যাশিত জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়।