বিনা প্রতিদ্বন্দ্বিতায় মিষ্টির আসনের এমপি হলেন বিএনপির এলিজা

আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ০২:০১ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-২৩-এ বিএনপি মনোনীত প্রার্থী এলিজা জামান বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

সোমবার (২ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্মসচিব ও রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত ৩২৩ নম্বর মহিলা আসন-২৩-এর উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময় ছিল ২৬ অক্টোবর বিকেল ৪টা পর্যন্ত। এ সময়ের মধ্যে বিএনপি ও জোটের মনোনীত প্রার্থী হিসেবে এলিজা জামান মনোনয়নপত্র জমা দেন।

নির্বাচন কমিশন জানায়, নির্ধারিত সময়ে বাছাই শেষে তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ছিল রোববার (১ নভেম্বর) বিকেল ৪টা। এ সময়ের মধ্যে তিনি প্রার্থিতা প্রত্যাহার না করায় জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪-এর ১২(১) ধারা অনুযায়ী চূড়ান্ত তালিকায় তাঁর নাম প্রকাশ করা হয়েছে।

এর আগে ২৭ অক্টোবর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এলিজা জামানের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়।

দলীয় সূত্রে জানা যায়, এলিজা জামান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। পাশাপাশি তিনি কেন্দ্রীয় মহিলা দলের বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

এর আগে রাজধানীর মিরপুরে রাড্ডায় ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেন। পরে নির্বাচন কমিশন আসনটি শূন্য ঘোষণা করে উপনির্বাচনের তফসিল প্রকাশ করে।

এমইউ
আরও পড়ুন
সর্বশেষপঠিত