ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী এস এম ফয়সল। ধানের শীষ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১ লাখ ৮৮ হাজার ৭২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের আলোচিত প্রার্থী মো. গিয়াস উদ্দিন তাহেরী।
মোমবাতি প্রতীক নিয়ে লড়া গিয়াস উদ্দিন তাহেরী পেয়েছেন ৮৪ হাজার ৩২৩ ভোট। বিশাল ব্যবধানে তাকে পরাজিত করে বিজয়ের মুকুট পরলেন এস এম ফয়সল।
জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এই আসনে মোট ১৮৪টি ভোটকেন্দ্রের মধ্যে ১৮৩টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৫ লাখ ৫২ হাজার ৭১১ জন। এর মধ্যে ৩ লাখ ১০ হাজার ৭৩৯টি ভোট সংগৃহীত হয়েছে। প্রাপ্ত ভোটের হিসেবে বিএনপির প্রার্থী বড় ব্যবধানে এগিয়ে থেকে জয় নিশ্চিত করেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা এস এম ফয়সলকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করার পর এলাকায় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। মিষ্টি বিতরণ ও বিজয় উল্লাসে মুখরিত হয়ে উঠেছে নির্বাচনি এলাকা।