বাদ জুম্মা নিজ নিজ এলাকায় দোয়ার আহ্বান মির্জা ফখরুলের

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দীর্ঘ ১৭ বছর সংগ্রামের পর আজকের এই বিজয় বাংলাদেশের বিজয়। বাদ জুম্মা নিজ নিজ এলাকায় দোয়া মাহফিল আয়োজনের আহ্বান জানাচ্ছি।’

বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৫৬ মিনিটে নিজের ভেরফাইয়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা বলেন মির্জা ফখরুল ইসলাম।

গতকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ সম্পন্ন হয়। এদিন সকাল সাড়ে ৭টায় ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। ভোট গ্রহণ শেষ হয় বিকেল সাড়ে ৪টায়। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টা নাগাদ পাওয়া তথ্যে বেসরকারি ফলাফলে বিএনপি ও তার মিত্ররা ১৬০টির বেশি আসনে জয়ী হয়েছে।

ঠাকুরগাঁও-১ (সদর) আসনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ২ লাখ ৩৮ হাজার ৮৩৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেন পেয়েছেন ১ লাখ ৪১ হাজার ১৭ ভোট।

মির্জা ফখরুল তার পোস্টে লিখেছেন, ‘সর্ব শক্তিমান আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। দীর্ঘ ১৭ বছর সংগ্রামের পর আজকের এই বিজয় বাংলাদেশের বিজয়।’

মির্জা ফখরুল লিখেছেন, তিনি ১৯৭১ সালের লাখো শহীদদের স্মরণ করছেন। স্মরণ করছেন বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে। স্মরণ করছেন, ইলিয়াস আলী, সুমনসহ হাজারো নেতা–কর্মীকে, যাঁরা আজ নেই। স্মরণ করছেন, জুলাই শহীদদের, যাঁদের ত্যাগের বিনিময়ে এই নতুন বাংলাদেশ।

দলের চেয়ারম্যান তারেক রহমান, দলীয় নেতা–কর্মী, ধর্ম–বর্ণ–নির্বিশেষে দেশের আপামর জনগণকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান মির্জা ফখরুল। তিনি লিখেছেন, ‘আমার পরিবারকে জানাই আন্তরিক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য।’

অন্তবর্তী সরকার, আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী ও সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ জানান মির্জা ফখরুল।

মির্জা ফখরুল উল্লেখ করেন, বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী শুক্রবার সব প্রকার বিজয় মিছিল থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে। পরিবর্তে বাদ জুম্মা নিজ নিজ এলাকায় দোয়া মাহফিল আয়োজনের আহ্বান জানানো হলো।

মির্জা ফখরুল লিখেছেন, ‘দায়িত্ব অনেক বেড়ে গেলো। আমার জন্য দোয়া করবেন যাতে প্রতিশ্রুতি রক্ষা করতে পারি এবং আপনাদের জন্য কাজ করতে পারি।’