ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্যতম আলোচিত আসন ঢাকা-৮-এ বড় ব্যবধানে পরাজিত হয়েছেন আলোচিত মডেল ও গণঅধিকার পরিষদের প্রার্থী মেঘনা আলম। ট্রাক প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি পেয়েছেন মাত্র ৬০৮ ভোট। নির্বাচনের ফলাফল প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিজয়ী ও নিকটতম প্রতিদ্বন্দ্বীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে রীতিমতো ঝড় তুলেছেন তিনি।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ঘোষিত ফলাফল অনুযায়ী, ঢাকা-৮ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস। তিনি পোস্টাল ভোটসহ মোট ৫৯ হাজার ৩৬৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী পেয়েছেন ৫৪ হাজার ১২৭ ভোট। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের কেফায়েত উল্লাহ (হাতপাখা) ১ হাজার ৪৩৬ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।
নির্বাচনে পরাজয়ের পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে মেঘনা আলম লেখেন, “আলহামদুলিল্লাহ, পাটওয়ারীর মতো জনতার টাকা তুলে নির্বাচন করিনি। ৬০৮টি ভোট যারা দিয়েছেন সবাই কোনো একটা প্রমাণসহ যোগাযোগ করবেন। দেশ পরিবর্তনের জন্য একজন মানুষও গুরুত্বপূর্ণ।”
তবে পোস্টটি প্রকাশের কয়েক মিনিট পর নাসীরুদ্দীন পাটওয়ারীর নাম সরিয়ে সংশোধন করেন তিনি। সংশোধিত পোস্টে তিনি নিজের সামর্থ্যে নির্বাচন করার দাবি পুনর্ব্যক্ত করেন।
রিটার্নিং কর্মকর্তার তথ্যমতে, এ আসনের ১০৯টি কেন্দ্রের মধ্যে ১০৮টি কেন্দ্রে সরাসরি ভোটগ্রহণ হয়। মির্জা আব্বাস সরাসরি ভোটে ৫৬ হাজার ৫৫২ এবং পোস্টাল ভোটে ২ হাজার ৮১৪ ভোট পান। অন্যদিকে নাসীরুদ্দীন পাটওয়ারী সরাসরি ভোটে ৫১ হাজার ৫৭২ এবং পোস্টাল ভোটে ২ হাজার ৫৫৫ ভোট পেয়েছেন।
ট্রাক প্রতীক নিয়ে মাত্র ৬০৮ ভোট পাওয়া মেঘনা আলমের এই ‘প্রমাণসহ ভোটারদের তলব’ এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে নিয়ে করা মন্তব্য এখন নেট দুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।