বিরোধী দলের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানায় বিএনপি: সালাহউদ্দিন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধী দলের পক্ষ থেকে ‘ছায়া মন্ত্রিসভা’ (Shadow Cabinet) গঠনের সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এই উদ্যোগকে স্বাগত জানিয়ে একে সংসদীয় গণতন্ত্রের জন্য ভালো ফলদায়ক বলে মন্তব্য করেছেন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বিরোধী দলের পক্ষ থেকে ছায়া মন্ত্রিসভা গঠনের যে ঘোষণা এসেছে, তাকে আমরা স্বাগত জানাই।’ সংসদ সদস্যদের শপথ গ্রহণ প্রসঙ্গে তিনি জানান, বর্তমানে স্পিকার বা ডেপুটি স্পিকার পদ শূন্য থাকায় আইন অনুযায়ী আগামীকাল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন।

তবে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে তিনি কিছুটা ভিন্ন মত দেন। সালাহউদ্দিন বলেন, বিদ্যমান সংবিধানে সংস্কার পরিষদের সদস্যদের শপথ পড়ানোর এখতিয়ার সিইসির নেই। এটি করতে হলে আগে সংবিধান সংশোধন করে আইনি কাঠামো তৈরি করতে হবে।

একই সময়ে বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী দেশের সার্বিক পরিস্থিতির ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘দেশের অর্থনীতি, শিক্ষা ও চিকিৎসা- সবগুলো বিভাগই বর্তমানে চ্যালেঞ্জের মুখে। ভেঙে পড়া এই ব্যবস্থাগুলো মেরামত করাই এখন বড় কাজ।’ তবে নতুন মন্ত্রিসভার দপ্তর বণ্টনের বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই বলেও তিনি সাংবাদিকদের জানান।

উল্লেখ্য, গত রোববার (১৫ ফেব্রুয়ারি) জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের পক্ষ থেকে ‘ছায়া মন্ত্রিসভা’ গঠনের ঘোষণা দেওয়া হয়। জামায়াত নেতা অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, এনসিপি নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং নবনির্বাচিত সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম (আরমান) সামাজিক যোগাযোগমাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানান। সংসদীয় গণতন্ত্রে সরকারের কাজের জবাবদিহিতা নিশ্চিত করতে এবং গঠনমূলক সমালোচনা করতেই সাধারণত বিরোধী দলগুলো এ ধরনের ছায়া মন্ত্রিসভা গঠন করে থাকে।