রিকশায় চড়েই সংসদ ভবনে নবনির্বাচিত সংসদ সদস্য হানজালা

নির্বাচনি প্রতীককে সম্মান জানিয়ে এক অনন্য ও ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করলেন মাদারীপুর-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১২টায় তিনি নিজের নির্বাচনি প্রতীক ‘রিকশা’য় চড়ে রাজধানীর জাতীয় সংসদ ভবন এলাকায় শপথ নিতে আসেন।

বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত এই প্রার্থীকে সাধারণত ভিআইপি গাড়িতে আসার প্রত্যাশা করা হলেও তিনি বেছে নেন সাধারণ মানুষের বাহন রিকশাকে। সংসদ ভবনের গেটে রিকশায় চড়ে তাঁর এই আগমন উপস্থিত সাংবাদিক ও জনসাধারণের মাঝে ব্যাপক কৌতূহল সৃষ্টি করে। 

হানজালা জানান, তাঁর প্রতীক ছিল রিকশা এবং সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে তিনি রিকশাকেই তাঁর বাহন হিসেবে গুরুত্ব দিয়েছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-১ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয়ী হন সাইদ উদ্দিন আহমাদ হানজালা। তিনি রিকশা প্রতীকে পেয়েছেন ৬৪ হাজার ৯০৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী নাদিরা আক্তার ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬৪ হাজার ৫২৪ ভোট। মাত্র ৩৮৫ ভোটের ব্যবধানে এই নাটকীয় জয় পান হানজালা। 

উল্লেখ্য, এই আসনে মোট ভোটারের সংখ্যা ছিল সোয়া তিন লাখের বেশি।