একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলা ও নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার লক্ষ্যে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির নবনির্বাচিত কোনো সংসদ সদস্য সরকারিভাবে দেওয়া শুল্কমুক্ত (ডিউটি ফ্রি) গাড়ি এবং বরাদ্দকৃত কোনো প্লট গ্রহণ করবেন না।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে সংসদ ভবনে অনুষ্ঠিত বিএনপির সংসদীয় দলের প্রথম সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
সংসদীয় সূত্রে জানা গেছে, দলের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় বলা হয়, দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি এবং জনগণের আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা জানিয়ে সংসদ সদস্যরা ব্যক্তিগত বিলাসিতা থেকে দূরে থাকবেন। জনগণের সেবক হিসেবে নিজেদের নিয়োজিত রাখতেই এই ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করতে চায় দলটি।
এর আগে, জামায়াতে ইসলামীর নবনির্বাচিত সংসদ সদস্যরাও শুল্কমুক্ত গাড়ি এবং সরকারি প্লট না নেওয়ার ঘোষণা দিয়েছিলেন। বিএনপির এই সিদ্ধান্তকে রাজনৈতিক বিশ্লেষকরা দেশের সংসদীয় ইতিহাসে একটি ইতিবাচক সংস্কার হিসেবে দেখছেন। সাধারণ মানুষের করের টাকায় কেনা বিলাসবহুল গাড়ির সুবিধা বর্জনের এই সিদ্ধান্ত নতুন সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতার বহিঃপ্রকাশ বলে মনে করা হচ্ছে।
বাংলাদেশে সংসদ সদস্যদের জন্য বিনা শুল্কে গাড়ি আমদানির দীর্ঘদিনের একটি আইনি সুবিধা চালু রয়েছে। তবে নতুন সংসদের প্রধান দুই দলই এই সুবিধা বর্জনের পথে হাঁটল।
নতুন মন্ত্রিসভায় যাচ্ছেন যারা
