নির্বাচনি অনুদান ফেরত দেওয়ার ঘোষণা তাসনিম জারার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণকারী ডা. তাসনিম জারা তার নির্বাচনি তহবিলে জমা হওয়া অনুদানের অর্থদাতাদের ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

ডা. তাসনিম জারা জানিয়েছেন, যারা তার নির্বাচনে লড়ার জন্য আর্থিক সহায়তা দিয়েছিলেন এবং এখন তা ফেরত পেতে চান, তারা নির্দিষ্ট ফর্ম পূরণ করে আবেদন করতে পারবেন। অর্থ ফেরতের জন্য তিনি দুটি আলাদা মাধ্যম ও ফর্মের কথা উল্লেখ করেছেন-

ব্যাংক অনুদান: যারা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠিয়েছেন, তারা এই লিঙ্কে (https://forms.gle/9a3H74yrLFFeJoFw8) ফর্ম পূরণ করবেন। এমনকি জমার স্লিপ হারিয়ে গেলেও অতিরিক্ত যাচাইয়ের মাধ্যমে অর্থ ফেরতের সুযোগ রাখা হয়েছে।

বিকাশ অনুদান: যারা বিকাশে অনুদান দিয়েছেন, তাদের জন্য নির্ধারিত ফর্মের লিঙ্ক (https://forms.gle/NKTkkNVZvUvyrsGYA) এখানে।

অনুদানের অর্থ ফেরত পেতে আগ্রহীদের আগামী ১০ মার্চ, ২০২৬ তারিখের মধ্যে আবেদন ফর্ম জমা দিতে হবে।

ফেসবুক পোস্টে ডা. তাসনিম জারা তার সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে লেখেন, ‘স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের পরিপ্রেক্ষিতে যারা প্রদত্ত অনুদান ফেরত পেতে চান, তারা দয়া করে নিঃসংকোচে ফর্মটি পূরণ করে অর্থ ফেরত নিন। আপনাদের আস্থা ও ভালোবাসার জন্য আমি কৃতজ্ঞ।’

উল্লেখ্য, রাজনৈতিক শিষ্টাচার ও স্বচ্ছতার অনন্য উদাহরণ হিসেবে ডা. তাসনিম জারার এই উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে।