২৪-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষ সহিংসতা, দমন-পীড়ন ও প্রতিপক্ষকে ঘায়েল করার রাজনীতিকে প্রত্যাখ্যান করেছিল। কিন্তু দুই বছর পরও সেই প্রত্যাশার প্রতিফলন দেখা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন চিকিৎসক ও জনস্বাস্থ্যকর্মী তাসনীম জারা।
তিনি বলেন, মানুষ নতুন ধারার, গঠনমূলক রাজনীতি চায়। কিন্তু প্রায় দুই বছর পর দাঁড়িয়ে মনে হচ্ছে, আমরা বরং পেছনের দিকেই হাঁটছি। আবারও সহিংসতার রাজনীতি ও প্রতিপক্ষকে ঘায়েল করার রাজনীতি ফিরে আসছে।
শুক্রবার (৩১ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, মানুষ যেভাবে রাস্তায় নেমে এসেছিল, তাতে স্পষ্ট হয়েছিল যে দমন-পীড়ন ও সহিংসতার রাজনীতি তারা আর চায় না।
তিনি আরও বলেন, রাজনৈতিক অঙ্গনে মানুষের নিত্যদিনের সমস্যা নিয়ে প্রয়োজনীয় আলোচনা নেই। অথচ স্বাস্থ্যসেবা, নাগরিক ভোগান্তিসহ দৈনন্দিন নানা সংকটের সমাধানই মানুষ রাজনীতির কাছে প্রত্যাশা করে।
তাসনীম জারা বলেন, কিছুদিন আগে ছোট্ট ছেলে আলিফ সহিংসতার শিকার হয়ে একটি চোখ হারিয়েছে। অথচ মানুষের প্রতিদিনের যে সমস্যাগুলো রয়েছে, সেগুলো নিয়ে রাজনীতিতে তেমন কোনো কথোপকথন নেই।
তিনি আরও বলেন, একজন মা সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে পদে পদে ভোগান্তির কথা তুলে ধরেছেন। এসব বাস্তব সমস্যা সমাধানের বদলে রাজনৈতিক অঙ্গনে পয়েন্ট স্কোরিং ও প্রতিপক্ষকে ঘায়েল করার প্রবণতাই বেশি দেখা যাচ্ছে।
তবে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘সবাইকে ধৈর্য ধরে গঠনমূলক রাজনীতির চর্চা অব্যাহত রাখতে হবে। তার ভাষায়, “গড়ার সময়টা দীর্ঘ হয়। ধৈর্য ধরে প্রচেষ্টা চালিয়ে গেলে একসময় এমন জায়গায় পৌঁছানো সম্ভব হবে”, যেখানে রাজনীতির মূল লক্ষ্য হবে মানুষের সমস্যার সমাধান।
‘জামায়াত-এনসিপি বিরোধী দল হিসেবে বাজারে দাম পাচ্ছে না’
ঘুষখোররা আগের মতোই ঘুষ খাচ্ছে: মির্জা ফখরুল