নারায়ণগঞ্জের ফতুল্লায় ইফতার মাহফিলে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন (এনসিপি) বিকেএমইএ’র সভাপতি হাতেমকে ফ্যাসিস্টের দোসর আখ্যা দেয়ায় তুলকালাম কান্ড ঘটেছে।
মঙ্গলবার (৩ মার্চ) ফতুল্লা বিসিক এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী পেশাজীবী ফোরাম নারায়ণগঞ্জ পূর্ব থানা ফতুল্লার বিসিক এলাকায় এ ইফতার মাহফিলের আয়োজন করে। ইফতার মাহাফিলের প্রধান মেহমান ছিলেন এমপি আল আমিন। আর বিশেষ মেহমান ছিলেন বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেম।
জামায়াতের নারায়ণগঞ্জ মহানগর আমির মাওলানা আব্দুল জাব্বার, কেন্দ্রিয় মজলিসে শূরা সদস্য মাওলানা মাঈনুদ্দিনসহ অন্যন্য নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এসে হাতেমকে মঞ্চে বসা থাকতে দেখেন সংসদ সদস্য। পরে তিনি আর ওই মঞ্চে বসবেন না বলে জানান।
পরে বক্তব্য প্রদানকালে সংসদ সদস্য আল আমিন বলেন, ‘আমি ফ্যাসিস্টের দোসরের সাথে এক মঞ্চে বসবো না।’ এরপরপরেই বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম ইফতার অনুষ্ঠান থেকে উঠে যায় এবং তার অনুসারীরা অনুষ্ঠানস্থল ত্যাগ করে ও বিক্ষোভ করে। খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশের একটি দল ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসেন।
এদিকে এনসিপির মিডিয়া সেল এক বার্তায় দাবি করেছে, ওই অনুষ্ঠানে এমপি আব্দুল্লাহ আল আমিনকে ঘিরে ধরে মব সৃষ্টি করেন হাতেমের সমর্থকরা। অনুষ্ঠানে হাতেমকে উপস্থিত দেখে স্টেজে বসেননি আল আমিন।
বক্তব্য প্রদানকালে আল আমিন বলেন, ‘আমি ফ্যাসিস্টের দোসরের সাথে এক মঞ্চে বসবো না।’ এরপর পরেই হাতেম উঠে যায় এবং তার অনুসারীরা অনুষ্ঠানস্থল ঘেরাও করে বিক্ষোভ করে।
মোবাইল ফোনে সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন বলেন, ‘তারা পাঁচতলা ভবনের চতুর্থ তলায়, যেখানে অনুষ্ঠানটি চলছিল, সেখানেই আছেন। তারা বের হতে পারছেন না।’
‘শুধু হাতেমের অনুসারী ব্যবসায়ী-শ্রমিকরা নন, স্বেচ্ছাসেবক দলের নেতা রাসেল তার লোকজন নিয়ে নিচে দাঁড়িয়ে আছেন। আমি নিরাপত্তা শঙ্কা বোধ করছি না। পুলিশ আছে, সেনাবাহিনী ও বিজিবি সদস্যরাও জানিয়েছে, তারা আসছেন’, বলেন তিনি।
ফতুল্লা থানার পরিদর্শক আনোয়ার হোসেন বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সন্ধ্যা সাড়ে ৭টায়ও বিসিকের এক নম্বর গেইটে একটি পোশাক কারখানার ভেতর অবরুদ্ধ হয়ে আছেন নারায়ণগঞ্জ-৪ আসনে সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন। বাইরে মোহাম্মদ হাতেমের অনুসারী ব্যবসায়ী ও শ্রমিকরা অবস্থান নিয়েছেন।
নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার ক সার্কেল মো : হাসিনুজ্জামান বলেন, ‘একটি ইফতার মাহফিলে বিকেএমইএ’র সভাপতি মো: হাতেমকে ফ্যাসিস্ট বলায় তিনি ইফতার মাহফিল ছেড়ে চলে আসেন। পরবর্তী ব্যবসায়ীরা বিক্ষোভ করেন।’
প্রসঙ্গত, মোহাম্মদ হাতেম বর্তমানে নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএ’র সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন । এরআগে গতবছর নভেম্বরে নারায়ণগঞ্জের একটি অনুষ্ঠানে ছাত্রদল নেতাকর্মীরা তাকে ‘আওয়ামী লীগের দোসর’ হিসেবে আখ্যা দিয়ে অনুষ্ঠান থেকে বের করে দেন এবং ‘ভুয়া-ভুয়া’ স্লোগান দেন।
আওয়ামী লীগ সরকারের সময় তিনি বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে এই ব্যবসায়ী নেতার বিরুদ্ধে। এদিকে রাত ৮টার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে সেনাবাহিনীর সদস্যার পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসার চেষ্টা করেন।